মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. সাইফুদ্দিন।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন– সিনিয়র সহ-সভাপতি আলী আসগর মিলন, সহ-সভাপতি সোহাগ আহম্মেদ, সহ-সভাপতি শাহজাহান আলম, যুগ্ন সম্পাদক যুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ও মিডিয়া সম্পাদক বাপ্পী কুমার দাস।
এছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সদ্য বিদায়ী সভাপতি হাজী আবদুল মোবিন ভূঁইয়া ও সাংবাদিক মোস্তফা ইমরান রাজুকে।
গত জুনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিটে এস্টো হোটেলের হলরুমে বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি রাফিজ রহমান রাসেলের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সংগঠক যুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহেল রানা, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, বিডিএফসির উপদেষ্টা সাংবাদিক মোস্তফা ইমরান রাজু, বিডিএফসির প্রতিষ্ঠাতা ফুটবলার ইকবাল হুসাইন তালুকদার, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাস, প্রবাসী ফুটবলার অপুর রায়হান, ব্যবসায়ী জাকারিয়া, ফুটবলার মল্লিক, হোছেন প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত প্রবাসী খেলোয়াড়রা হলেন, অধিনায়ক ইকবাল হুসাইন, সাইফুদ্দিন, আজগর মিলন, সুজন, সুমন, হুসাইন, অপু রায়হান, হৃদয়, মল্লিক, জনি ও রাসেল।
নতুন সভাপতি রাফিস রহমান রাসেল বলেন, বিডিএফসি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের একমাত্র ফুটবল ক্লাব। প্রবাসে কর্মব্যস্ততার ফাঁকে খেলা চালিয়ে যান বাংলাদেশি অদম্য তরুণ খেলোয়াড়রা। বিডিএফসি মালয়েশিয়া পরিচালিত হয় মালয়েশিয়ায় নিবন্ধিত প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের মাধ্যমে। এই প্রতিষ্ঠান বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। বিডিএফসি মালয়েশিয়ার স্থানীয় ফুটবল টুর্নামেন্টগুলোতেও অংশ নেন।