কোটা আন্দোলন ঘিরে নাশকতায় ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সংযোগের ৭০ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিগগিরই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে ক্ষতিগ্রস্থ ডেটা সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় কাটা পড়া সাবমেরিন কেবলসহ বিভিন্ন অবকাঠামো এরই মধ্যে পুনঃস্থাপন করা হয়েছে। ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে প্রথমে জরুরি পরিষেবাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ওয়েবসাইট চালু করা হবে বলেও জানান তিনি।
এ বছর ৫ জুন ‘মুক্তিযোদ্ধা কোটা’ পুনর্বহালের রায় দেয় আদালত। এরপর থেকেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন নামেন শিক্ষার্থীরা। পরে হাইকোর্টের রায়ে একমাসের স্থগিতাদেশ দেয়ার পরেও শিক্ষার্থীরা আন্দোলন বহাল রাখেন।
কর্মসূচীর অংশ হিসেবে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতার ঘটনা ঘটে। রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, যাত্রাবাড়ি, উত্তরা, ফার্মগেট, ধানমন্ড, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ হয়। এসময় মিরপুর-১০ মেট্রো স্টেশনে আগুন দেওয়া হয়। তান্ডব চালানো হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন- বাংলাদেশ টেলিভিশনের বিটিভি ভবন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়া হয়।