জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বহুল আলোচিত রোবোট্যাক্সি (রোবোট ট্যাক্সি) প্রজেক্ট আলোর মুখ দেখলে বাজারে তাদের শেয়ার দর বেড়ে যেতে পারে ১০ গুণ। মার্কিন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এআরকে ইনভেস্ট সম্প্রতি এমনটাই ভবিষ্যৎবাণী করেছে।
স্বয়ংচালিত বা চালকবিহীন গাড়ি তৈরির প্রজেক্ট ‘রোবোট্যাক্সি’ টেসলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। উচ্চাভিলাষী এই প্রজেক্ট নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যেও রয়েছে দারুন আগ্রহ, চলছে নানা জল্পনা-কল্পনা।
প্রাথমিকভাবে রোবোট্যাক্সি উন্মোচনের কথা ছিলো আগস্টের ৮ তারিখে। তবে সম্প্রতি মিডিয়া প্রতিষ্ঠান ব্লুমবার্গ এর বরাতে জানা গেছে টেসলা তাদের রোবোট্যাক্সি উন্মোচন ইভেন্ট দু’মাস পিছিয়ে অক্টোবরে নিয়ে গেছে।
কারণ হিসেবে টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছেন যে, গাড়িটির সামনের দিকে ডিজাইন সঙ্ক্রান্ত কিছু পরিবর্তনের কারনে রোবোট্যাক্সি টিমকে অতরিক্ত সময় দেয়া হয়েছে। এছাড়া রোবোট্যাক্সির প্রোটোটাইপে আরও কিছু ফিচার যুক্ত করার জন্যেও বাড়তি কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। মাস্ক আরও বলেছেন, টেসলার চালকবিহীন গাড়ির ব্যবসার ধরন এয়ারবিএনবি ও উবারের ব্যবসায়ের সংমিশ্রণে হবে।
বাজারে টেসলা ছারাও আরও কয়েকটি প্রতিষ্ঠান স্বয়ংচালিত গাড়ি তৈরি করছে। তবে তাদের গাড়িগুলো নির্দিষ্ট একটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ এবং অনেক ক্ষেত্রেই এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ এই গাড়িগুলোতে চালক না থাকলেও এগুলোকে পুরোপুরি স্বয়ংচালিত বা অটোনোমাস বলা যায় না।
তাই চালকহীন গাড়ির বাজারে এই মুহূর্তে একেবারে সামনের সারিতেই রয়েছে টেসলা। এআরকে ইনভেস্ট-এর ক্যাথি উড সম্প্রতি জানিয়েছেন যে, সারা বিশ্বে আয়ের দিক থেকে চালকহীন গাড়ির বাজারের মোট মূল্য ৮ থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার। তার মতে, টেসলা যদি অন্য প্রতিযোগীদের ছাপিয়ে পরিপূর্ণ একটি স্বয়ংচালিত গাড়ি নিয়ে আসতে পারে তাহলে চালকহীন গাড়ির বাজারের অর্ধেক দখলে নিতে পারে মাস্কের প্রতিষ্ঠান।
ক্যাথি উড বলেন, “আমাদের ধারণা সঠিক হলে, তাদের (টেসলার) শেয়ার অনেক দূর যাবে।”
এখন দেখার বিষয়, স্বয়ংচালিত গাড়ির বাজারে রোবোট্যাক্সি কতটা সফল হয়। রোবোট্যাক্সির পারফর্মেন্সই ঠিক করে দিবে চালকহীন গাড়ির বাজারে টেসলার ভবিষ্যৎ পথচলা।
তথ্যসূত্র: টেসলারাতি, ব্লুমবার্গ, বিজনেস ইনসাইডার