সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সারা বিশ্বেই। চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিনিয়তই আসছে এআই-ভিত্তিক নিত্যনতুন সব টুল ও ফিচার। এর মধ্যে কিছু উঠছে জনপ্রিয়তার শীর্ষে, কিছু হারিয়ে যাচ্ছে বিস্মৃতির অতলে। টেক জায়ান্টরাও এআই-তে বড় বিনিয়োগের কথা জানাচ্ছে প্রায় নিয়মিতই।
এই যখন অবস্থা তখন গত জুনে (১০ জুন) বার্ষিক ডেভেলপার কনফারেন্স ২০২৪-এ আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নিয়ে আসার ঘোষণা দেয়। উক্ত কনফারেন্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার ও টুল। নিঃসন্দেহে আলোচনার সবচেয়ে বড় জায়গা জুড়ে ছিলো অ্যাপল ইন্টেলিজেন্স।
পাশাপাশি আরও কিছু নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণাও আসে ডেভেলপার কনফারেন্স থেকে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নতুন তিনটি অপারেটিং সিস্টেম- আইফোনের জন্য আইওএস ১৮, আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ১৮ এবং ম্যাকওএস সিকোয়া ম্যাকবুক এর জন্য। তিনটি অপারেটিং সিস্টেম থেকেই অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে উন্মোচিত হওয়ার কথা আইফোন ১৬ এবং আইওএস ১৮, তবে আনুষ্ঠানিকভাবে অ্যাপল ইন্টেলিজেন্স-এর এআই ফিচারগুলো আইফোনে অক্টোবর নাগাদ আসতে শুরু করবে। তবে গত ২৯ জুলাই (সোমবার) অ্যাপল তাঁদের আইওএস ১৮-এর ডেভেলপার বেটা ভার্সন ১৮.১ ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। ফলে আইওএস ১৮-এর স্বাদ আইফোনপ্রেমীরা চাইলে এখনই আস্বাদন করতে পারেন।
অ্যাপল ইন্টেলিজেন্স-এর এআই ফিচারগুলো আনুষ্ঠানিকভাবে অক্টোবরের আগে আসছে না এটা ঠিক। কিন্তু আইফোন ১৫ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স ব্যবহারকারীরা আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ভার্সন দিয়ে চাইলে এখনই ৬টি এআই ফিচার ব্যবহার করে দেখতে পারেন। ফিচারগুলো হলো:
রাইটিং টুলস
রাইটিং টুলস ব্যবহার করে রিরাইট, প্রুফরিড ও সামারাইজ করা যাবে খুব সহজেই। পাশাপাশি যেকোনো লেখায় সঠিক ‘টোন’ নিয়ে আসার ক্ষেত্রেও সহায়তা করবে রাইটিং টুলস। আকর্ষণীয় এই ফিচারটি স্বাভাবিকভাবেই অ্যাপল অ্যাপসে পাওয়া যাবে। এছাড়া অ্যাপলের স্ট্যান্ডার্ড টেক্সট কন্ট্রোল ব্যবহার করে থাকে এমন থার্ড-পার্টি অ্যাপেও মিলবে এই টুলটি।
সিরি
অ্যাপল ইন্টেলিজেন্স এর ফিচারসমৃদ্ধ সিরি এখন আইওএস ১৮.১ ব্যবহারকারীরা চাইলে ব্যবহার করতে পারেন। জনপ্রিয় এই ডিজিটাল অ্যাসিসট্যান্টটিকে এখন নতুন রুপে দেখা যাবে। স্বাভাবিকভাবেই নতুন ডিজাইনের সিরি-তে বেশ কিছু উন্নত ফিচারও পাওয়া যাবে যেগুলোতে থাকছে এআই প্রযুক্তির ছোঁয়া। বিশেষ করে ব্যবহারকারী কোন নির্দেশ (ইন্সট্রাকশন) দিতে ভুল করলে সিরি সেটা নিজে থেকেই সংশোধন করে সেই অনুযায়ী নির্দেশ পালন করতে সক্ষম। পাশাপাশি নির্দেশ অনুযায়ী কাজ করার ক্ষেত্রে এক নির্দেশ থেকে অন্য নির্দেশে প্রসঙ্গ বজায় রাখতে পারে সিরির নতুন এই ভার্সন।
মেইল অ্যাপ
অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেইল অ্যাপ্লিকেশনেও দারুন কিছু এআই ফিচার ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে- ইনবক্সে আসা মেসেজের সারসংক্ষেপ (সামারি), স্মার্ট রিপ্লাই ফিচার (মেইলের উত্তর দেয়ার বিভিন্ন পরামর্শ ও সুপারিশ) এবং অন-ডিভাইস ক্যাটাগোরাইজেশন (মেইলগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যাবে)।
নোটিফিকেশনের সামারি
এআই প্রযুক্তি-ভিত্তিক আরেকটি ফিচার হচ্ছে নোটিফিকেশনের স্বয়ংক্রিয় সারসংক্ষেপ (অটো-সামারাইজড সামারি)। অর্থাৎ টেক্সট মেসেজ ও মেইলের সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে।
ফটোস অ্যাপ-এ ন্যাচারাল ল্যাংগুয়েজে সার্চ
ফটোস অ্যাপ্লিকেশনে থাকা হাজারো ছবির মধ্য থেকে নির্দিষ্ট ছবিটি খুঁজে বের করতে শ্রম ও সময় খরচ এখন আর স্ক্রল করতে হবে না। এআই-এর শক্তিতে ন্যাচারাল ল্যাংগুয়েজ ব্যবহার করে এখন খুব সহজেই নির্দিষ্ট ছবিটি বের করা সম্ভব।
কল রেকর্ডিং
আইফোনপ্রেমীদের ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইওএস ১৮.১ ভার্সনে যুক্ত হতে যাচ্ছে কল রেকর্ড করার সুবিধা। ফলে এখন থেকে আইফোনে কল রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা।
যেভাবে অ্যাপল ইন্টেলিজেন্স চালু করবেন
আইওএস ১৮.১ বেটা ভার্সনটি আইফোনে ইন্সটল করার পর সেটিংস থেকে ‘অ্যাপল ইন্টেলিজেন্স এন্ড সিরি’ এই অপশনটিতে যেতে হবে। সেখান থেকে অ্যাপল ইন্টেলিজেন্স এর অপেক্ষমানদের তালিকায় (ওয়েটলিস্ট) যুক্ত হতে হবে। এবারে কয়েক ঘন্টা (আনুমানিক) অপেক্ষার পর অ্যাপল ইন্টেলিজেন্স-এর অ্যাক্সেস পেয়ে যাবেন ব্যবহারকারী।
তথ্যসূত্র: ম্যাশেবল