আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা সম্প্রতি আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি’র অগ্ন্যুৎপাতের ছবি প্রকাশ করেছে। স্যাটেলাইট ক্যামেরায় ধারণকৃত ছবিটিতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হচ্ছে। নাসা’র ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট দিয়ে আগ্নেয়গিরিটির বেশ কিছু ছবি তোলা হয়েছে। এর মধ্যে একটি ছবি সম্প্রতি নাসা’র অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।
স্যাটেলাইটে তোলা ছবিটিতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে প্রবাহিত লাভা দেশটির বিখ্যাত ‘ব্লু লেগুন’ অঞ্চলেও পৌঁছে গেছে। উল্লেখ্য, আইসল্যান্ডের ‘ব্লু লেগুন’ বেশ জনপ্রিয় একটি জিওথার্মাল (ভূতাপীয়) স্পা।
ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে আরও দেখা যায়, রেকজানেস উপদ্বীপের সুন্ধনুকুর গহ্বর (ক্রেটার) সিরিজে ৩ কিলোমিটার দীর্ঘ একটি ফাটল থেকে রক্তিম লাভা প্রবাহিত হচ্ছে। গত ২০ নভেম্বর এই আগ্নেয়গিরি’তে অগ্ন্যুৎপাত শুরু হয় এবং এর পর থেকে লাভা’র প্রবাহ অব্যাহত আছে। নাসা’র দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরেরও কম সময়ে এটি এই অঞ্চলের সপ্তম অগ্ন্যুৎপাতের ঘটনা।
আগ্নেয়গিরিটি থেকে লাভা পূর্ব ও পশ্চিম উভয় দিকেই প্রবাহিত হচ্ছে। সময় সময় লাভা ব্লু লেগুন স্পা পর্যন্ত পৌঁছে গেছে এবং স্পাটির পার্কিং লট আক্রান্ত হয়েছে। কাছের শহর গ্রিনডাভিক থেকে ইতোমধ্যেই কয়েক ডজন বাড়িঘর খালি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়েও নেওয়া হয়েছে।
তবে এবারের অগ্ন্যুৎপাতটি আগেরগুলোর চেয়ে বেশি শক্তিশালী এবং দীর্ঘদিন স্থায়ী হয়েছে। প্রতি সেকেন্ডে ১৩০০ ঘনমিটার (কিউবিক মিটার) স্থির গতিতে প্রবাহিত হচ্ছে লাভা। তবে গেল আগস্টের অগ্নুৎপাতের সময় সেকেন্ডে ২৫০০ ঘনমিটার (কিউবিক মিটার) গতিতে লাভা প্রবাহিত হতে দেখা গেছে।
তবে বিশেষজ্ঞদের অবাক করে দিয়ে এবারের অগ্ন্যুৎপাতের পূর্বে এই অঞ্চলের সিসমিক অ্যাকটিভিটি’তে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায়নি, যেমনটা এর আগের অগ্নুৎপাতগুলোতে হয়েছে। বর্তমানে লাভার প্রবাহটি এই অঞ্চলের একটি আগ্নেয়গিরি পর্বত ফ্যাকরাদালসফিয়ালস এর দিকে চলে যাচ্ছে।
আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে ভূগর্ভস্থ টেকটনিক অ্যাকটিভিটির আধিক্যের কারণে ঘন ঘন অগ্ন্যুৎপাত হয়ে থাকে। পৃথিবীর যে অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে আলাদা হতে থাকে সে অঞ্চলগুলোতে ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি’র অগ্ন্যুৎপাতের মতো ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা অনেক বেড়ে যায়। ফলে এই অঞ্চলগুলো বসবাসের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, ডিসেম্বর ২০২৩ এর পর থেকে এখন পর্যন্ত মোট সাতবার অগ্ন্যুৎপাত হলো রেকজানেস উপদ্বীপে। চলতি বছর এখন (২৬ নভেম্বর) পর্যন্ত ব্লু লেগুন স্পা বন্ধ রয়েছে। তবে নাসা জানিয়েছে, স্পা-এর দিকে লাভা’র প্রবাহ অনেকটাই মন্থর হয়ে এসেছে।
তথ্যসূত্র: নাসা, ম্যাশেবল