ট্রাম্পের তহবিলে জাকারবার্গের অনুদান ১ মিলিয়ন ডলার

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। অনুদান প্রদানের বিষয়টি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করা হয়েছে মেটার তরফ থেকে। ট্রাম্পের সাথে দীর্ঘ দিনের বিরোধপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্যই জাকারবার্গ এমনটা করেছেন বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্বের অনেকে।

বৃহস্পতিবার সকালে একটি ই-মেইলের মাধ্যমে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের তহবিলে অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অনুদান সম্পর্কিত বিস্তারিত কিছু জানাননি তিনি।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে এক নৈশভোজে তাঁর সাথে দেখা করেছিলেন জাকারবার্গ এবং সেখানে আসন্ন প্রেসিডেন্টকে মেটার তৈরি অত্যাধুনিক স্মার্ট গ্লাসও দেখিয়েছেন তিনি। জাকারবার্গের সাথে ট্রাম্পের নৈশভোজের বিষয়টি পরবর্তীতে নিশ্চিত করেছেন ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার।

মিলার বলেছেন যে, আমেরিকার সরকারে যে পরিবর্তন আসতে চলেছে মার্ক জাকারবার্গ তাঁর একজন সমর্থক এবং স্পষ্টভাবেই তিনি এই পরিবর্তন চেয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে পুনরুজ্জীবিত আমেরিকার একজন সমর্থক-ও বটে।

তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে জাকারবার্গের বিরোধপূর্ণ সম্পর্কের অতীত ইতিহাস রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অতি ডানপন্থী চিন্তাচেতনার বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে জাকারবার্গকে। ২০২১ সালে মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছিল ট্রাম্পকে। সে বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল হিল আক্রমণ করতে নিজের সমর্থকদের ট্রাম্প উসকে দিয়েছেন বলে অভিযোগ করেন জাকারবার্গ। 

কিন্তু এক সময়ের উদারপন্থী রাজনীতির সমর্থক জাকারবার্গ সাম্প্রতিক সময়ে আমেরিকার বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন বেশ কয়েকটি ইস্যুতে। বিশেষ করে কোভিড সম্পর্কিত কিছু ভুল তথ্য ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার জন্য মেটার উপর বাইডেন প্রশাসনের চাপ প্রয়োগের বিষয়টিকে ভালোভাবে নেননি জাকারবার্গ। তবে নির্বাচনে সরাসরি কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেননি তিনি, যেমনটা ইলন মাস্ককে ট্রাম্পের পক্ষে নিতে দেখা গেছে।

এক সময়ের ডেমোক্রেট তবে ট্রাম্পের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে চেষ্টা করে যাচ্ছেন মেটার স্বত্বাধিকারী জাকারবার্গ। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প হোয়াইট হাউজে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন। 

শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় খরচ মেটানো হয় প্রেসিডেন্টের উদ্বোধনী তহবিল থেকে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, প্যারেড, বল ড্যান্স ও গালা অনুষ্ঠানের সকল খরচও নির্বাহ করা হয় প্রেসিডেন্সিয়াল তহবিল থেকে। জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা এই তহবিলেই ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। উল্লেখ্য, এই তহবিলে অনুদান হিসেবে আসা অর্থের বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনকে ৯০ দিনের মধ্যে জানাতে হয়।

তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইন্ডিয়া,