বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১৭ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচনের মাইলফলক অর্জন করেছে। অনুষ্ঠানে ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ এবং নতুন উদ্ভাবন নিয়ে আসতে আগ্রহী তাঁদের প্রতিষ্ঠান।
টিপি-লিংকের তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই ৮ প্রযুক্তিতে সংযোগের গতি বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস যুক্ত থাকলেও নিরবচ্ছিন্ন সংযোগ এবং বিভিন্ন ডিজিটাল সেবায় ধারাবাহিক কর্মক্ষমতা নিশ্চিত করাই এ প্রযুক্তির লক্ষ্য।
অন্যদিকে, ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ থেকে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীরা কারিগরি প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের সুযোগ পাবেন। সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তিপণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।


