ইউরোপে উল্লেখযোগ্যহারে বাজার হারাচ্ছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা। চলতি বছর এপ্রিলে টেসলার বিক্রি প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। অন্যদিকে বিওয়াইডি’র মতো চীনা নির্মাতাদের তৈরি বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে অঞ্চলটিতে। মঙ্গলবার (২৭ মে) ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।
সংগঠনটির তরফ থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ও যুক্তরাজ্যে গত মাসে (এপ্রিলে) ৭,২৬১টি গাড়ি বিক্রি করতে পেরেছে টেসলা, সংখ্যাটা গত বছরের এপ্রিলের তুলনায় ৪৯ শতাংশ কম।
টেসলার জন্য বিষয়টি আরও বেশি হতাশাজনক এই কারণে যে, তাঁরা সম্প্রতি বাজারে এনেছে নতুন ওয়াই মডেল। তা স্বত্বেও গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। অথচ গত মাসেই বিওয়াইডি’র মতো চীনা নির্মাতাদের গাড়ি বিক্রির হার বেড়েছে ইউরোপে। গত সপ্তাহে বাজার গবেষণা প্রতিষ্ঠান জাতো ডায়নামিক্স জানিয়েছে, এপ্রিল মাসে চীনা নির্মাতাদের তৈরি বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে ৫৯ শতাংশ ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
শুধু তাই নয়, ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বাজারও ২৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত মাসে। এপ্রিলে ১,৮৪,৬৮৫ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ইউরোপে। তবে সবচেয়ে বেশি ৩১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে হাইব্রিড গাড়ির বিক্রিতে।
গত কয়েক মাস ধরে টেসলার বৈশ্বিক বিক্রিও বেশ হতাশাজনক। গত প্রান্তিকে তাঁরা মোট ৩,৩৬,৬৮১ ইউনিট গাড়ি বিক্রি করেছে, সংখ্যাটা বিগত ২ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মালিক ইলন মাস্কের বিতর্কিত উপস্থিতিকেই টেসলা পণ্যের পড়তি চাহিদার পেছনে মূল কারণ হিসেবে দেখছেন অনেকে।
গত বছরের শেষ দিকে নির্বাচনে ট্রাম্পের বিজয়ের প্রেক্ষাপটে মাস্কের জনপ্রিয়তা যত দ্রুত বেড়েছে, বিগত কয়েক মাসে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তা একই গতিতে হ্রাস পেয়েছে। ব্যক্তি মাস্কের পড়তি জনপ্রিয়তার প্রভাব পড়েছে টেসলার পারফরম্যান্সে।
সম্প্রতি মাস্ক অবশ্য জানিয়েছেন যে, তিনি অচিরেই সরকারি কাজ থেকে দূরে সরে এসে পুরোপুরি সময় দিবেন তাঁর টেসলাসহ তাঁর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। কেননা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীরাও প্রকাশ্যেই মাস্কের সমালোচনা করতে শুরু করেছেন।
এপ্রিলে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ইউরোপে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেলেও নতুন নিবন্ধিত গাড়ির পরিসংখ্যান বলছে সার্বিকভাবে গাড়ির বাজার সেখানে কিছুটা (শূন্য দশমিক ৩ শতাংশ) সঙ্কুচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে গ্যাস ও ডিজেলচালিত গাড়ির বিক্রি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ