যে কারণে আবারও কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আরও একবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এবারে চাকরি হারাচ্ছেন অ্যামাজনের বই বিভাগে (বুক ডিভিশনে) কর্মরত কিছু কর্মী। সংখ্যাটা ১০০ এর কিছু কম। গত বৃহস্পতিবার (৫ মে) অ্যামাজনের তরফ থেকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়েছে বলে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   

বুক ডিভিশনে চাকরি হারানো কর্মীরা গুডরিড রিভিউ সাইটে এবং কিন্ডেল ইউনিটে কর্মরত ছিলেন। মূলত দক্ষতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কার্যক্রমকে সুসংহত করতেই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বলে দাবি অ্যামাজনের।

বৃহস্পতিবার প্রকাশিত কর্মী ছাঁটাই সংক্রান্ত এক বিবৃতিতে অ্যামাজনের মুখপাত্র বলেছেন, ‘আমাদের টিম ও প্রোগ্রামগুলোকে আরও দক্ষতার সাথে পরিচালনা করার জন্য এবং আমাদের ব্যবসায়িক রোডম্যাপের সাথে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ করার জন্য চলমান কাজের অংশ হিসেবে আমরা স্বল্প সংখ্যক পদ বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

অ্যামাজন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিভিশনে অল্প অল্প করে কর্মী ছাঁটাই করেছে। অতি সম্প্রতি ডিভাইস ও সার্ভিস ইউনিটে চাকরি হারিয়েছেন বেশ কিছু কর্মী। এছাড়া ওয়ান্ডারি পডকাস্ট, স্টোরস ও কমিউনিকেশনস বিভাগেও ছাঁটাই করা হয়েছে কর্মী।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি প্রয়োজনের অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছেন এবং সম্প্রতি নেওয়া ছাঁটাইয়ের সিদ্ধান্তগুলো এই উদ্যোগেরই অংশ। প্রতিষ্ঠানের অভ্যন্তরে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যামাজন কর্তা। ঠিক একই কারণে ম্যানেজারের সংখ্যাও কমাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ সময়ে) প্রায় ৪ হাজার নতুন কর্মী নিয়োগের কথাও গত মাসে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, প্রতিষ্ঠানটির দাবি হচ্ছে কৌশলগত ও আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে কয়েকটি বিভাগে স্বল্পসংখ্যক কর্মীকে প্রয়োজনের অতিরিক্ত বিবেচনা করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজন সাম্প্রতিক সময়ে পণ্য ডেলিভারিতে রোবটের ব্যবহার বাড়িয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে পণ্য ডেলিভারি সিস্টেমে মানুষের পাশাপাশি কাজ করছে সাড়ে ৭ লাখেরও বেশি রোবট। শুধু তাই নয়, অতি সম্প্রতি এআই সক্ষমতার হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট দিয়ে পণ্য ডেলিভারির পরিকল্পনার কথাও জানা গেছে। পণ্য ডেলিভারি সিস্টেমে হিউম্যানয়েড রোবট যুক্ত হলে বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাতে পারেন অ্যামাজনে। 

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার, রয়টার্স