ইউরোপে বিক্রি কমছেই মাস্কের টেসলার

ইউরোপে বৈদ্যুতিক গাড়ির চাহিদা যতটা বেড়েছে তার চেয়েও বেশি কমেছে মার্কিন গাড়ি নির্মাতা টেসলার বিক্রি। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউরোপে চলতি বছরের মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি হ্রাস পেয়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। আজ বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে টানা পঞ্চম মাস ইউরোপের বাজারে শেয়ার হারাল ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। অথচ মে মাসেই পুরোপুরি বিদ্যুচালিত গাড়ির বিক্রিতে ২৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছে ইউরোপ। অর্থাৎ, টেসলার বিক্রি যেখানে কমেছে সেখানে প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতাদের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্তত ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) কর্তৃক প্রদত্ত তথ্য তাই বলছে।

সার্বিকভাবে মে মাসে ইউরোপের গাড়ির বাজারে বিক্রি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ও বিকল্প জ্বালানী চালিত গাড়ির ক্ষেত্রে।

টানা পাঁচ মাস ইউরোপে টেসলার বাজার হারানোর পেছনে প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনীতিরও কিছুটা দায় আছে বৈকি। বিশেষ করে ট্রাম্পের ব্যয় সঙ্কোচন বিভাগের (ডোগ) প্রধান হিসেবে তাঁর নেওয়া বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং ট্রাম্পের সহযোগী হিসেবে তাঁর ব্যক্তি ইমেজেরও বেশ ক্ষতিসাধন হয়েছে। 

অনেকেই মাস্কের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ টেসলাকে এড়িয়ে অপেক্ষাকৃত কমমূল্যের চীনা বৈদ্যুতিক গাড়িকে বেছে নিয়েছে।  

সার্বিকভাবে মে মাসের প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউরোপের বাজারে টেসলার শেয়ার দাঁড়িয়েছে ১ দশমিক ২ শতাংশ, যেটা গত বছর একই সময়ে ছিল ১ দশমিক ৮ শতাংশ। বোঝাই যাচ্ছে, মডেল ওয়াই’র আপডেটেড বা রিভাইজড ভার্সনটিও ইউরোপে টেসলার ভাগ্য পরিবর্তনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। 

উল্লেখ্য, চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনার মাঝেই চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা একের পর এক নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি নিয়ে হাজির হচ্ছে। এই প্রেক্ষাপটে পুরোনো হয়ে আসা টেসলার মডেল ওয়াই-তে কিছুটা নতুনত্ব নিয়ে আসার জন্যেই এর একটি আপডেটেড বা উন্নত সংস্করণ নিয়ে আসে টেসলা। তা স্বত্বেও এটি ইউরোপে পর্যাপ্ত গ্রাহক আকর্ষণে ব্যর্থ হয়েছে। 

তথ্যসূত্র: রয়টার্স