মালয়েশিয়া, ফিলিপাইনে আলিবাবা’র নতুন ডেটা সেন্টার

দক্ষিণ এশিয়ার দুই দেশ মালয়েশিয়া ও ফিলিপাইনে নতুন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। মঙ্গলবার (১ জুলাই) তাঁদের ক্লাউড কম্পিউটিং বিভাগ ‘আলিবাবা ক্লাউড’ জানিয়েছে, মালয়েশিয়ায় তাঁরা নিজেদের তৃতীয় ডেটা সেন্টার চালু করেছে। পাশাপাশি আগামী অক্টোবরে ফিলিপাইনে নিজেদের দ্বিতীয় ডেটা সেন্টার চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে তাঁরা। বুধবার আলিবাবা ক্লাউডের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। 

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে এ খাতে বিনিয়োগও বাড়ছে প্রতিনিয়তই। বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের অর্থ নিয়ে হাজির হচ্ছে ডেটা সেন্টার নির্মাণসহ এআই প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নে। 

মালয়েশিয়া ও ফিলিপাইনে নিজেদের ডেটা সেন্টার সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে ‘আলিবাবা ক্লাউড’ বলছে, ‘এই (ডেটা সেন্টার সক্ষমতার) সম্প্রসারণ নিশ্চিত করে যে, সুরক্ষিত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য ক্লাউড সেবার ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম আলিবাবা ক্লাউড।’  

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আলিবাবা ঘোষণা করেছে যে, আগামী তিন বছরে তাঁরা এআই প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিং সেবার অবকাঠামোগত উন্নয়নে ৫২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। মালয়েশিয়া ও ফিলিপাইনে নতুন ডেটা সেন্টার নির্মাণ এই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।   

এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোও বড় অঙ্কের অর্থ নিয়েই মাঠে নেমেছে। বছরের শুরুতে মাইক্রোসফট জানিয়েছে, চলতি বছর ডেটা সেন্টার সক্ষমতা বাড়াতে তাঁরা ৮০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে। 

আলিবাবা’র মতোই আরেক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন গত মাসে ঘোষণা করেছে, এআই খাতের অবকাঠামোগত উন্নয়নে তাঁরা আমেরিকায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়ায় প্রায় ১৩ বিলিয়ন (১২ দশমিক ৯৭ বিলিয়ন) মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে।

সার্বিকভাবে এআই খাতের সক্রিয় ও শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সকলেই ডেটা সেন্টার অবকাঠামোর সক্ষমতা বাড়াতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। এ তালিকায় আলিবাবা, অ্যামাজন, মাইক্রোসফটের পাশাপাশি আছে গুগল, মেটা, ওপেনএআই, এক্সএআই’র মতো প্রতিষ্ঠানের নামও। 

উল্লেখ্য, ক্লাউড কম্পিউটিং সেবা ও এআই প্রযুক্তির জন্য প্রয়োজন হয় বিশাল আকারের সব ডেটা সেন্টার। আর এ জন্যই নিজেদের ডেটা সেন্টার সক্ষমতা বাড়াতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগেও পিছপা হচ্ছে না এআই প্রতিষ্ঠানগুলো।

তথ্যসূত্র: রয়টার্স