গুগলের অ্যান্ড্রয়েড আর অ্যাপলের আইওএস ডিভাইসের মধ্যে এতদিন সবচেয়ে বড় পার্থক্য ছিল সাইডলোডিং-এর সুবিধা। অর্থাৎ, অ্যাপল ডিভাইসে যেখানে অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুযোগ নেই, সেখানে গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইসে এমনটা করা যেত। কিন্তু এবারে নিরাপত্তা ঝুঁকির কথা বলে সাইডলোডিং-এর সুবিধাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে গুগল।
সম্প্রতি (২৫ আগস্ট) অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ব্লগে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে অ্যান্ড্রয়েডের মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠান গুগল। তাঁদের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অ্যান্ড্রয়েড ডিভাইসে কেবলমাত্র ভেরিফায়েড (যাচাইকৃত) ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনই ডাউনলোড ও ব্যবহার করা যাবে।
সহজ করে বললে, যেসব ডেভেলপাররা গুগলের অফিশিয়াল প্লে স্টোরের বাইরে কাজ করেন- অর্থাৎ, যারা আনভেরিফায়েড (যাচাইকৃত নয় এমন) ডেভেলপার- তাঁদের তৈরি কোনো অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘সাইডলোড’ করার সুযোগ আর থাকছে না।
সার্টিফায়েড অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য বিষয়টিকে নিরাপত্তার নতুন একটি স্তর হিসেবে দেখছে গুগল। অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ নিয়েছে তাঁরা। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ব্লগ পোস্টে গুগল বলেছে যে, অ্যাপ্লিকেশন যেখান থেকেই আসুক না কেন তাঁরা নিশ্চিত করতে চায় সকল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারই ভেরিফায়েড (যাচাইকৃত), যাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই।
গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অনেক বছর ধরেই তাঁদের ডিভাইসে আনভেরিফায়েড অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা উপভোগ করে আসছেন, যেমনটা অ্যাপলের আইওএস ডিভাইসে করা অত্যন্ত কঠিন। ফলে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এতদিন বাড়তি স্বাধীনতা পেয়ে আসছিলেন। চাইলেই তাঁরা যেকোনো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরের বাইরে থেকেও ডাউনলোড ও ব্যবহার করতে পারতেন।
গুগলের মতে, ডেভেলপার ভেরিফিকেশন বা ডেভেলপারদের যাচাইকরণ প্রক্রিয়াটি হচ্ছে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির মতো, যেখানে পরিচয়পত্র (আইডেনটিফিকেশন) পরীক্ষা করা হয়। স্মার্টফোনের মতো ডিভাইসগুলোতে নিরাপত্তার বিষয়টি যে পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। নতুন নিয়মের অধীনে অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো এবার ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং ভেরিফায়েড হয়ে উঠবে।
অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম থেকে সাইডলোডিং-এর সুবিধাটি তুলে নেওয়ার পেছনে গুগলের যৌক্তিক কারণ হয়তো আছে। কিন্তু এও সত্যি যে, এই সুযোগটিই অ্যান্ড্রয়েডকে বহু বছর অ্যাপলের আইওএস থেকে আলাদা করে রেখেছিল। এবারে দুটি প্ল্যাটফর্মই এক বিন্দুতে এসে মিলবে।
তথ্যসূত্র: ম্যাশেবল, অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ব্লগ