এশিয়া ও ইউরোপে আমেরিকার মিত্র দেশগুলো এবার থেকে মেটা প্ল্যাটফর্মস-এর তৈরি ‘লামা’ এআই সিস্টেম ব্যবহারের সুযোগ পাবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা।
ব্লগ পোস্টে মেটা জানিয়েছে যে, ইউরোপ ও এশিয়া মহাদেশে বেশ কয়েকটি মার্কিন গণতান্ত্রিক মিত্র দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়া’র পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর জন্য লামা এআই মডেল ব্যবহারের সুযোগ বাড়াতে যাচ্ছে তাঁরা।
মার্কিন মিত্র দেশগুলোতে লামা-ভিত্তিক বিভিন্ন এআই টুল নিয়ে আসার ক্ষেত্রে মাইক্রোসফট, ওরাকল, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), ও প্যালান্টির-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথেও মেটা কাজ করবে বলে ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবারই মার্কিন প্রশাসন দেশের সরকারি সংস্থাগুলোতে লামা ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে এবার থেকে আমেরিকায় সরকারি বিভিন্ন সংস্থাতেও লামা’র ব্যবহার দেখা যেতে পারে। লামা হচ্ছে মেটা’র তৈরি একটি লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)। টেক্সট, ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন ধরণের ডেটা প্রক্রিয়াকরণে এটি ব্যবহৃত হয়।
লামা এআই মডেলগুলো সাধারণত ডেভেলপারদেরকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মেটা। এই কৌশলটির কল্যাণে মেটা বেশ কিছু সুবিধা পাবে বলে দাবি করেছেন মেটা’র প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ। এর মধ্যে আছে, নতুন উদ্ভাবনী পণ্য তৈরি, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্ভরশীলতা হ্রাস করা এবং মেটা’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানো।
উল্লেখ্য, মার্কিন সরকারের ক্রয় সম্পর্কিত বিভাগ- জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন- সোমবার জানিয়েছে যে, তাঁরা সরকারি সংস্থাগুলোর জন্য অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক টুলের তালিকায় লামা-কে যুক্ত করবে।
তথ্যসূত্র: রয়টার্স