চ্যাটজিপিটিতেই করা যাবে পেমেন্ট!

চ্যাটজিপিটিতে ডিজিটাল পেমেন্ট করার সুবিধা নিয়ে আসছে ভারত। ভারতের পেমেন্ট কর্তৃপক্ষ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এবং আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান রেজরপে যৌথভাবে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র সহযোগিতায় এই পরিষেবা চালু করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার এই পাইলট প্রকল্পের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

পরীক্ষামূলক এই উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা ভারতের নিজস্ব পেমেন্ট নেটওয়ার্ক ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) ব্যবহার করে চ্যাটজিপিটি-তে অনলাইন কেনাকাটার সুযোগ পাবে। চলতি বছর অ্যালফাবেটের মালিকানাধীন গুগল এবং পারপ্লেক্সিটি এআই-এর মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোও এআই প্রযুক্তিভিত্তিক নিজস্ব পেমেন্ট সার্ভিস চালু করেছে।

এআই  চ্যাটবটে ই-কমার্স পেমেন্ট সুবিধা দেওয়ার ক্ষেত্রে এজেন্টিক এআই’র সক্ষমতা ব্যবহার করা হয়। এজেন্টিক এআই প্রযুক্তি ব্যবহারকারীদেরকে নির্দিষ্ট এআই প্ল্যাটফর্মে থেকেই ডিজিটাল লেনদেন সম্পন্ন করার সুযোগ করে দেয়। উল্লেখ্য, এজেন্টিক এআই হচ্ছে এমন এআই মডেল মানুষের সামান্য হস্তক্ষেপেই একাধিক ধাপের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। অর্থাৎ, এআই এজেন্ট দিয়ে কাজ করানোর ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে মানুষের নির্দেশনার প্রয়োজন পড়ে না। 

উল্লেখ্য, এআই’র জগতে জনপ্রিয় চ্যাটবটগুলোর একটি হচ্ছে ওপেনএআই’র তৈরি চ্যাটজিপিটি। সম্প্রতি জিপিটি-৫ মডেলটি নিয়ে আসার মাধ্যমে জেনারেটিভ এআই প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ওপেনএআই।

রেজরপে-এর প্রধান নির্বাহী (সিইও) হার্ষিল মাথুর বলেছেন, ‘এজেন্টিক পেমেন্টের মাধ্যমে আমরা এআই অ্যাসিসট্যান্টগুলোকে কোনো কিছু খুঁজে বের করার সাধারণ টুল থেকে সম্পূর্ণ শপিং এজেন্টে রুপান্তর করতে পেরেছি।’

পরীক্ষামূলক এই প্রকল্পের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এক বিবৃতিতে জানিয়েছে, এই পাইলট প্রকল্পটি মূল্যায়ন করবে কীভাবে এই পরিষেবাটিকে বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত করা যায় এবং কীভাবে ইউপিআই-কে ব্যবহার করে এআই এজেন্ট টুলগুলোকে পেমেন্ট করার সক্ষমতা প্রদান করা যায়, যাতে করে তাঁরা নিরাপদে, সুরক্ষিত উপায়ে এবং ব্যবহারকারী-নিয়ন্ত্রিত পদ্ধতিতে ব্যবহারকারীদের পক্ষ থেকে নিজে নিজেই লেনদেন সম্পন্ন করতে পারে।

এক্ষেত্রে ইউপিআই-এর সদ্য চালু হওয়া 'রিজার্ভ পে' ফিচারটি ব্যবহার করা হবে। রিভার্জ পে ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা নির্দিষ্ট মার্চেন্টের কাছ থেকে কেনাকাটার জন্য অর্থ সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে। উল্লেখ্য, ভারতের দ্রুততম পেমেন্ট নেটওয়ার্কগুলোর একটি হচ্ছে ইউপিআই, যেখানে প্রতি মাসে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি লেনদেন সম্পন্ন হয়।

পরীক্ষামূলক এই প্রকল্পের ব্যাঙ্কিং অংশীদার হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র মাধ্যমে ভোক্তাদেরকে কেনাকাটার সুযোগ করে দিতে ইচ্ছুক এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে টাটা গ্রুপের মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম বিগবাস্কেট। 

তথ্যসূত্র: রয়টার্স