অ্যালফাবেটের মালিকানাধীন এআই গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ড জানিয়েছে, তাঁরা নতুন একটি এআই গবেষণাগার (রিসার্চ ল্যাব) চালু করতে যাচ্ছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে। আজ বুধবার ডিপমাইন্ড ঘোষণা করেছে যে, নতুন এই এআই গবেষণাগারটির লক্ষ্য হবে এআই প্রযুক্তির উন্নয়নে এশিয়ার বিভিন্ন দেশের সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করা।
উল্লেখ্য, গুগলের এআই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্যের আঁতুড়ঘর হচ্ছে ডিপমাইন্ড। জেমিনি এআই-এর মতো গুগলের বিভিন্ন এআই টুল তৈরি করেছে তাঁরা। মূলত অ্যালফাবেটের একটি সহযোগী প্রতিষ্ঠান বা সাবসিডিয়ারি হিসেবে কাজ করে গুগল ডিপমাইন্ড।
ব্রিটিশ-আমেরিকান এই এআই প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত এক বছরে এশিয়ায় তাঁদের কর্মী সংখ্যা দ্বিগুণ হয়েছে। নতুন ল্যাবের জন্যেও কর্মী নিয়োগ করতে শুরু করেছে তাঁরা।
গুগল ডিপমাইন্ড-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) লিলা ইব্রাহিম বলেছেন, এআই গবেষণাগারটি কোন কোন এজেন্ডা নিয়ে কাজ করবে তা এখনও নির্ধারণ করা হচ্ছে। তবে এই রিসার্চ ল্যাবটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিজ্ঞানের উপর মনোযোগ দেবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের যেসব অঞ্চলে এআই প্রযুক্তি গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি তার মধ্যে দক্ষিণপূর্ব এশিয়া অন্যতম। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন গুগল ডিপমাইন্ড-এর নির্বাহীরা। ফলে বোঝাই যাচ্ছে, এআই প্রযুক্তি নিয়ে গবেষণায় কেন সিঙ্গাপুর তথা এশিয়াকে এতটা গুরুত্ব দিচ্ছে ডিপমাইন্ড।
তথ্যসূত্র: রয়টার্স