প্রযুক্তি সাংবাদিকদের জন্য টিএমজিবি'র কর্মশালার আয়োজন

আজ সোমবার ঢাকায় প্রযুক্তি সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরির ওপর বিশেষ এক কর্মশালার আয়োজন করা হয়। 

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি কেবলমাত্র সংগঠনটির সদস্য সাংবাদিকদের জন্যই উন্মুক্ত ছিল। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টিএমজিবি'র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। তিনি বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতা করতে পারেন। 

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় প্রশিক্ষকরা জানান, টিকটকে ভালো ও সঠিক কনটেন্ট বহুগুণ কার্যকরী। পাশাপাশি টিকটকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, কেন কনটেন্ট তৈরি করা প্রয়োজন, কীভাবে সঠিক ও উন্নত মানের কনটেন্ট তৈরি করা যায়- এসব বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া হাতে-কলমে করে দেখান প্রশিক্ষকরা। 

কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের সার্টিফিকেটও প্রদান করা হয়।