নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। ২৮ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

‘একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। একশনএইড বাংলাদেশ, বুয়েট, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) যৌথভাবে উৎসবটির আয়োজন করে।

উৎসব থেকে প্রকাশিত ১২ দফা ঘোষণাপত্রে স্বতন্ত্র নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়ন, সৌরশক্তির সম্প্রসারণ, কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সমন্বিত ব্যবস্থা অ্যাগ্রিভোল্টেইক্সের উন্নয়ন এবং ব্যাটারি স্টোরেজসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাতীয় গ্রিডের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়। পাশাপাশি রেয়াতি ঋণ, গ্রিন বন্ড ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এ খাতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঘোষণাপত্রে দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর কথাও বলা হয়েছে। একই সঙ্গে জ্বালানি রূপান্তরে নারী, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক ও প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, স্বাধীন পরিবেশগত ও সামাজিক পর্যবেক্ষণ এবং শ্রমিকদের সুরক্ষা কাঠামো প্রতিষ্ঠার সুপারিশও রয়েছে এতে। ঘোষণাপত্রে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

উৎসবের শেষ দিনে উদ্ভাবন ও প্রযুক্তি মেলায় দেশীয় উদ্ভাবকেরা নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি ও ধারণা তুলে ধরেন। করপোরেট প্রতিষ্ঠানগুলোও তাদের নবায়নযোগ্য জ্বালানির পণ্য ও সেবা প্রদর্শন করে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিভিন্ন সংলাপ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

তরুণদের নেতৃত্বে আয়োজিত ‘ফ্রম কমিটমেন্ট টু কমিউনিটি: অ্যাডভান্সিং আ জাস্ট এনার্জি ট্রানজিশন থ্রু বাংলাদেশ এনডিসি ৩.০’ শীর্ষক সংলাপে বায়ুদূষণ ও ধুলাবালি কমাতে কার্যকর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাপমাত্রা বৃদ্ধি মোকাবিলায় সৌরচালিত সেচব্যবস্থা ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির মতো উদ্ভাবনী সমাধান ব্যবহারের কথাও বলেন আলোচকেরা।

আগামী ১২ মাসে তরুণদের দক্ষতা উন্নয়ন, পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি এবং সবুজায়ন কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত করতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয় সংলাপে। আলোচকেরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য প্রযুক্তি ও উদ্যোগের সম্প্রসারণ প্রয়োজন।

‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন ও বিনিয়োগ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনায় জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, কার্যকর ট্যারিফ ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসেন খান। সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম অ্যান্ড এনগেজমেন্ট কাজী মোর্শেদ আলম।

আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তানজিনা দিলশাদ, গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নুরুননবীসহ অন্যরা অংশ নেন। তাঁরা সৌরচালিত সেচব্যবস্থার সম্প্রসারণ, গবেষণায় অর্থায়ন, দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া ‘রিনিউয়েবল এনার্জি ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’, ‘সোশ্যাল-এনভায়রনমেন্টাল সেফগার্ড অ্যান্ড সাসটেইনেবিলিটি অব রিনিউয়েবল এনার্জি’ এবং ‘এনার্জি পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ফর আ জাস্ট ট্রানজিশন’ শীর্ষক তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় গবেষক, শিক্ষক, তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। উৎসবের শেষ দিনে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় পাপেট শোর আয়োজন করা হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির সুযোগ, সম্ভাবনা ও উপকারিতা তুলে ধরা হয়।

নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবে উদ্ভাবক, তরুণ নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রকল্পকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার পায় ফেলাইট প্রকল্প, দ্বিতীয় পুরস্কার কার্বন ক্রেডিট বিডি প্রকল্প এবং তৃতীয় পুরস্কার আইইউবি ফর্মুলা-ই প্রকল্প। বিজয়ীদের স্বীকৃতিসনদ ও সিডমানি দেওয়া হয়। সেরা তিনটি পোস্টারের স্বীকৃতি পায় আইইউবি, বুয়েট ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি পোস্টার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন জাহরাত আদিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির বোর্ড চেয়ার ইব্রাহিম খলিল আল জায়াদ। সমাপনী বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিনিধি ড. বেনুকা ফেরদৌসী, পরিবেশ সুরক্ষা মঞ্চের প্রতিনিধি কুদরত ই খুদা এবং একশনএইড বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার শাব্বীর রহমানসহ অনেকে।

উৎসবের সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, গ্রিনারি এনার্জি সল্যুশন লিমিটেড, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অক্সফাম ইন বাংলাদেশ ও দ্য আর্থ সোসাইটি।

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর