সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানানো যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ ধরনের পোস্ট হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই শেষে বিটিআরসি’র মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে।
সংস্থাটি স্পষ্ট করে বলেছে, সরকার সরাসরি কোনো পোস্ট ডাউন করতে পারে না; তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে জানাতে পারে। একই সঙ্গে জানানো হয়, সরাসরি সহিংসতায় উসকানি দেওয়া হেট স্পিচ (ঘৃণাপূর্ণ বক্তব্য) জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
দেশ ও নাগরিকের জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়াকে সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করা হয়েছে, যেখানে নাগরিকরা আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সরাসরি জানাতে পারবে।
যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইলে রিপোর্ট করা যাবে:
হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৩০৮৩৩২৫৯২
ইমেইল: notify@ncsa.gov.bd