প্রায় ৫৩ বছর পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। নাসার আর্টেমিস-২ মিশনে চার নভোচারী ফ্লোরিডা থেকে মহাকাশে যাত্রা শুরু করেছেন। প্রায় ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন।
রয়টার্স জানিয়েছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সূর্যাস্তের আগে স্পেস লঞ্চ সিস্টেম রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় রকেটটি বিশাল সাদা ধোঁয়ার স্তম্ভ তৈরি করে আকাশে উঠে যায়।
এই মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় তিন বছর প্রশিক্ষণের পর তারা আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী দল। উড্ডয়নের সাড়ে তিন ঘণ্টা পর ওরায়ন ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হবে।
চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এটি যুক্তরাষ্ট্রের বড় একটি পদক্ষেপ। সর্বশেষ অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৭২ সালে চাঁদে মানুষ গিয়েছিল।