নতুন কোনো স্টার্টআপ শুরু করতে চান? কিন্তু অর্থের অভাবে এগোতে পারছেন না? এমন উদ্যোক্তাদের জন্য প্রি-সীড অনুদান দিচ্ছে আইডিয়া প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। আইডিয়া প্রজেক্টের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেজবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত এই প্রকল্পটি ২০১৬ সাল থেকে কাজ করছে। দেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহায়তা করাই এর মূল লক্ষ্য।
এই অনুদান মূলত নতুন বা প্রাথমিক পর্যায়ের স্টার্টআপদের জন্য। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী খাতে যারা কাজ করছেন, তারা আবেদন করতে পারবেন। স্টার্টআপের প্রাথমিক উন্নয়ন, গবেষণা, প্রোটোটাইপ তৈরি ও ব্যবসা বাড়াতে এই অর্থ ব্যবহার করা যাবে।
আবেদনের জন্য যা লাগবে
আবেদন করতে কিছু তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। যেমন- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি, ব্যবসার ধারণার সংক্ষিপ্ত বিবরণ, স্টার্টআপের ভিডিও উপস্থাপনা, পিচ ডেক, প্রোটোটাইপ (যদি থাকে) এবং যোগাযোগের তথ্য।
যেভাবে অনুদান পাবেন
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর প্রাথমিকভাবে বাছাই করা হবে। নির্বাচিতরা তাদের আইডিয়া উপস্থাপন (পিচিং) করবেন। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের সঙ্গে চুক্তি করে অনুদান দেওয়া হবে।
এই অর্থ শুধুমাত্র ব্যবসার কাজে ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পরপর অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। অনুদানের বিপরীতে কোনো শেয়ার দিতে হবে না।
তবে আগে যদি কেউ এই প্রকল্প থেকে অনুদান নিয়ে থাকেন, তাহলে তিনি আবার আবেদন করতে পারবেন না।
বাড়তি সুবিধা
অনুদানের পাশাপাশি উদ্যোক্তারা পাবেন ব্যবসায়িক পরামর্শ, প্রশিক্ষণ, কো-ওয়ার্কিং স্পেস এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকল্পের ওয়েবসাইট idea.gov.bd-এ।
দেশের নতুন উদ্যোক্তাদের এগিয়ে নিতে আইডিয়া প্রজেক্ট এ উদ্যোগ নিয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে এই অনুদান হতে পারে আপনার স্টার্টআপের প্রথম বড় সুযোগ।