আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে চ্যাটজিপিটি ব্যবহার করি। প্রতিদিন চ্যাটজিপিটির সাথে আমাদের যে কথোপকথন (কনভারসেশন) হয় তাতে করে স্বাভাবিকভাবেই আমাদের নানা সংবেদনশীল তথ্য জমা থাকে চ্যাটজিপিটি অ্যাকাউন্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি নিয়ে এসেছে নতুন এক সুরক্ষাব্যবস্থা 'অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি', সংক্ষেপে এএএস।
এই সুরক্ষাব্যবস্থার অংশ হিসেবে সম্প্রতি ওপেনএআই সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান ইউবিকো'র সাথে একটি চুক্তি করেছে। চুক্তির অধীনে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য দুটি 'সিকিউরিটি কী' বা সুরক্ষা চাবি বাজারে আনা হয়েছে।
ওপেনএআই ও ইউবিকো'র কো-ব্র্যান্ডেড এই দুটি সুরক্ষা চাবি হচ্ছে: ‘ইউবিকি সি এনএফসি’ এবং ‘ইউবিকি সি ন্যানো’। এই দুটো ডিভাইস বা যন্ত্র সম্পর্কে জানার আগে চলুন অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি বা এএএস সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি (এএএস) কী ?
চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ওপেনএআই নতুন এই সুরক্ষাব্যবস্থা চালু করেছে। এটি মূলত ব্যবহারকারীর অ্যাকাউন্টের চারদিকে একটি শক্তিশালী ডিজিটাল দেয়াল তৈরি করে দেবে। তবে এই ‘অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি’ সুরক্ষাব্যবস্থাটি ব্যবহার করা ইউজারদের জন্য বাধ্যতামূলক নয়। এটি একটি ঐচ্ছিক বা অপ্ট-ইন ফিচার। অর্থাৎ, চ্যাটজিপিটি ইউজাররা চাইলে এটি ব্যবহার করতেও পারেন, আবার না-ও পারেন।
কীভাবে কাজ করে অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি (এএএস)?
বেশ কয়েকটি উপায়ে অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি (এএএস) সিস্টেমটি চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করে।
পাসওয়ার্ডের বদলে সিকিউরিটি কি: এই ফিচার চালু থাকলে সাধারণ পাসওয়ার্ডের পরিবর্তে ফিজিক্যাল সিকিউরিটি কি বা ‘পাসকি’ ব্যবহার করে লগ-ইন করতে হবে। ফলে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।
কঠোর অ্যাকাউন্ট রিকভারি: সাধারণ পদ্ধতিতে ইমেইল বা এসএসএম-এর মাধ্যমে অ্যাকাউন্ট ফিরে পাওয়া গেলেও, এএএস সুরক্ষাব্যবস্থায় তা বন্ধ করে দেওয়া হয়। এখানে শুধুমাত্র ব্যাকআপ সিকিউরিটি কি বা রিকভারি কি'র মাধ্যমেই অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব।
স্বয়ংক্রিয় তথ্য সুরক্ষা: এই মোড চালু থাকলে আপনার করা কোনো চ্যাট বা তথ্য ওপেনএআই তাদের এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করবে না।
সংক্ষিপ্ত সেশন: এই সুরক্ষাব্যবস্থার আরেকটি ফিচার হলো, এক্ষেত্রে দীর্ঘক্ষণ লগ-ইন অবস্থায় থাকা যাবে না। নির্দিষ্ট সময় পর পর পুনরায় ভেরিফাই করতে হবে।
ইউবিকো'র 'সিকিউরিটি কি' বা সুরক্ষা চাবি
ওপেনএআই এবং ইউবিকো যৌথভাবে দুটি বিশেষ কো-ব্র্যান্ডেড সিকিউরিটি ডিভাইস নিয়ে এসেছে। এগুলো ব্যবহার করে ফিশিংয়ের মতো সাইবার হামলা বা অনলাইন প্রতারণা থেকে রক্ষা পেতে পারেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।
উল্লেখ্য, ফিশিং হলো এক প্রকার অনলাইন প্রতারণা যেখানে হ্যাকাররা ব্যবহারকারীকে ভুয়া ইমেইল বা ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে তার ইউজারনেম, পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটি'র মতো জনপ্রিয় চ্যাটবট ব্যবহারকারীদের টার্গেট করে ফিশিং হামলা বেড়ে গেছে।
এবারে চলুন জেনে নেওয়া যাক, 'ইউবিকি সি এনএফসি' ও 'ইউবিকি সি ন্যানো' নামের সিকিউরিটি কি বা সুরক্ষা চাবি দুটি কীভাবে কাজ করে:
কীভাবে কাজ করে সিকিউরিটি কি বা সুরক্ষা চাবি?
এই ডিভাইস দুটি দেখতে অনেকটা ছোট পেনড্রাইভের মতো। যখনই ব্যবহারকারী চ্যাটজিপিটি অ্যাকাউন্টে ঢুকতে যাবেন, এই চাবিটি তার ল্যাপটপ বা ডেস্কটপের ইউএসবি পোর্টে লাগাতে হবে, অথবা মোবাইলের পিছনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির মাধ্যমে স্পর্শ করতে হবে।
প্রতিটি ইউবিকি সিকিউরিটি কি'র ভেতরে আছে একটি ইউনিক বা অনন্য 'ক্রিপ্টোগ্রাফিক আইডেন্টিফায়ার' বা গোপন গাণিতিক সংকেত। এটি এমন এক সিকিউরিটি কি বা সুরক্ষা চাবি, যা কেবল ব্যবহারকারীর কাছে থাকা ওই হার্ডওয়্যার ডিভাইসটির মধ্যেই থাকে। ফলে হ্যাকাররা অনলাইনে হাজার চেষ্টা করেও ছোট এই ডিভাইসটি ছাড়া ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।
কারা ব্যবহার করবে সুরক্ষা চাবি?
চ্যাটজিপিটি'র সকল ব্যবহারকারীই চাইলে এই ডিভাইস দুটি কিনে অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে এগুলো ব্যবহার করতে পারবেন। তবে এই দুটি ডিভাইস মূলত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো 'হাই-রিস্ক' ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই বাজারে আনা হয়েছে।
চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা কেন প্রয়োজন?
চ্যাটজিপিটির সাথে এখন অনেক টুলস এবং ওয়ার্কফ্লো যুক্ত থাকে। এছাড়া ব্যবহারকারীরা এখন এআই-এর কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং পেশাগত গোপনীয় তথ্য শেয়ার করে থাকে। এই তথ্যগুলো চুরি হলে ব্ল্যাকমেইল বা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।
সিকিউরিটি কি বা সুরক্ষা চাবি'র সীমাবদ্ধতা
সন্দেহ নেই, এই সুরক্ষা চাবি দুটি ব্যবহার করলে চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকাংশে বেড়ে যাবে। তবে এর একটি অসুবিধাও রয়েছে।
মনে রাখতে হবে 'অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি অত্যন্ত শক্তিশালী একটি সুরক্ষাব্যবস্থা। ফলে ব্যবহারকারী যদি ফিজিক্যাল সিকিউরিটি কি বা ছোট ডিভাইসটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা (রিকভার করা) বেশ কষ্টসাধ্য হবে। কেননা এক্ষেত্রে অ্যাকাউন্ট রিকভারির অপশন খুবই সীমিত এবং অনেক বেশি কঠিন। আর তাই সিকিউরিটি কি ব্যবহারের ক্ষেত্রে সুবিধার পাশাপাশি দায়িত্বও অনেক বেশি।
তথ্যসূত্র: ওপেনএআই, ইউবিকো, টেকক্রাঞ্চ, বিজনেসওয়্যার