আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। বিশ্বখ্যাত এআই প্ল্যাটফর্ম ‘এভরি এআই’-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই সেবাটি সরাসরি মাই রবি অ্যাপে যুক্ত করা হয়েছে।
নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একটিমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাকের মাধ্যমে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এবং ডিপসিকের মতো আন্তর্জাতিকভাবে জনপ্রিয় সব এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার মাত্র ১.৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্ট পন্থার অভাবে এতদিন অধিকাংশ ব্যবহারকারী প্রিমিয়াম ডিজিটাল ও এআই সেবা গ্রহণ করতে পারতেন না। রবি এআই স্পেসের মাধ্যমে এই বড় প্রতিবন্ধকতা দূর হলো। এখন আর একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন বা আলাদা পেমেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না; সাধারণ মোবাইল ডাটা বান্ডেল কিনেই গ্রাহকেরা এআই মডেলগুলো ব্যবহার এবং এআই টোকেন সংগ্রহ করতে পারবেন। ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের ভেতরে সরাসরি তাদের লাইভ টোকেন ব্যালেন্সও দেখতে পাবেন।
মূলত শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা এবং দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই সেবা নিয়ে এসেছে রবি।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, 'ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলসগুলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে আমাদের বাজারে দীর্ঘদিন ধরেই একটা বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এই এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে আমরা সেই প্রতিবন্ধকতা দূর করছি। উন্নত ডিজিটাল প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করা এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমেই নির্বিঘেœ বিশ্বমানের এআই ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।'
রবি জানায়, ‘এভরি এআই’-এর পাশাপাশি স্থানীয় গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সমাধান যুক্ত করে ‘রবি এআই স্পেস’-কে একটি বিশেষায়িত এআই ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলা হবে। সকল রবি গ্রাহক এখন থেকেই মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ সেকশন থেকে সরাসরি এই সেবা উপভোগ করতে পারবেন।