নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু এক বছরের মধ্যেই

১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। বৃহস্পতিবার সকালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এর অংশ হিসেবে শিগগিরই এদেশে দপ্তর খুলতে যাচ্ছে বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি কোম্পানি। 

মাতৃভাষা বাংলায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। লক্ষ্য প্রযুক্তিনির্ভর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা।

এরই মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা করছে সরকার। প্রত্যাশা প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপে সহায়তা করা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি উদ্ভাবন ইউনিটের যৌথ উদ্যোগে এআই ও উদ্ভাবন সংলাপে এসব কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। 

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘আগামী ১২ মাসের মধ্যে আমাদের দেশেই আমরা এআই বেজ হাইপার স্কেল ক্লাউড কমপেটিংয়ের ইনফাস্ট্রাকচার শুরু করব। নিজস্ব অর্থায়নে করব। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ করতে হবে, শুধু যুক্তরাষ্ট্র নয়।’ 

তিনি জানান, ডেটা সেন্টারের জন্য বিদ্যুতের চাহিদা মেটানোর বিষয়টি চ্যালেঞ্জিং হলেও তা নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। এ ধরনের অবকাঠামোর জন্য যে পরিমান পানি প্রয়োজন তা পূরনে সক্ষম বাংলাদেশ। 

রেহান আসিফ আসাদ বলেন, ‘আমরা বলছি না যে, লালমনিরহাট উপযুক্ত জায়গা নয়। তবে কোনো একটা প্রজেক্ট করতে হলে কয়েকটা বিষয় দেখতে হয়। ডেটা সেন্টারের নিরাপত্তার জন্য এটি ভূমিকম্প প্রবণ এলাকার কোন প্লেটের ওপর আছে এটা গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও পানি গুরুত্বপূর্ণ। অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে আমরা স্থান ঠিক করব।’

এআই চিপ তৈরির ক্ষেত্রে পরিবেশ দূষণের মতো বিষয়গুলো আমলে রাখা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, তবে এ বিষয়ে আলোচনার সময় এখনও আসেনি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আগে আমাদের ম্যানেজমেন্টটা করতে হবে। বাংলাদেশে ওরা শিগগিরই একটা অফিস খুলবে। ’ 

এদিকে, বিকেলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক করতে মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এরিক গিলান। শামা ওবায়েদ জানান, দ্বিপাক্ষিক নানা ইস্যুতে হয়েছে আলোচনা।