বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, শেয়ারবাজারে কোনো প্রতিষ্ঠানের অভিষেকে এর আগে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহের নজির নেই। বৃহস্পতিবার প্রথমবারের মতো নিউইয়র্কের নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরু করে অ্যানথ্রপিক। এর মধ্য দিয়ে গত জুনে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের গড়া শেয়ারবাজারে অভিষেকের রেকর্ডও ছাড়িয়ে গেছে অ্যানথ্রপিক।
প্রতিষ্ঠানটি প্রথম বড় পরিসরের এআই মডেল নির্মাতা, যারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো। এদিকে নিউইয়র্কে অ্যানথ্রপিকের শেয়ার বিক্রি ঘিরে নাসডাক ভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল মানুষ।
বিক্ষোভকারীরা প্রযুক্তি খাতের প্রভাবশালী কোম্পানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধিতা করেন। এআই বিনিয়োগের ঝুঁকি ও পরিবেশের ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ জানান বিক্ষোভকারীরা।


