চীনের রোবট, এআই এজেন্টের দাপটে শুরু ওয়েব সামিট

যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাজিবটের তৈরি রোবট। সম্মেলনে গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় এআই এজেন্ট এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিও।

৯ নভেম্বর লিসবনের মেও অ্যারেনায় শুরু হওয়া এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উদ্ভাবকেরা। আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলনে প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হবে। থাকছেন ৯০০ বক্তা এবং দুই হাজারের বেশি স্টার্টআপের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্যাডি কসগ্রেভ বলেন, ‘ভবিষ্যতের সুপারস্টাররা ক্যালিফোর্নিয়া থেকে আসছে না, আসছে চীন থেকে।’ তার মতে, ওপেন সোর্স প্রযুক্তিসহ ভবিষ্যতের প্রযুক্তি নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের সম্মেলনের উদ্বোধনী মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল চীনা প্রতিষ্ঠান অ্যাজিবটের তৈরি এ৩ রোবট। নাচসহ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় রোবটিকস প্রযুক্তির অগ্রগতি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যেই এ আয়োজন নতুন করে আলোচনায় এনেছে চীনের প্রযুক্তিগত সক্ষমতা।

সম্মেলনে আলোচনায় এসেছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করছে এনভিডিয়া। এ নিয়ে সম্মেলনের মঞ্চে ক্লাউডফ্লেয়ারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স বলেন, ‘বিষয়টি বেশ চাঞ্চল্যকর। তবে দীর্ঘ মেয়াদে প্রযুক্তি খাতে হুয়াংয়ের ভূমিকা কীভাবে মূল্যায়িত হবে, তা সময়ই বলে দেবে।’ তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ইকোসিস্টেম গড়ে তুলতে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে এবারের ওয়েব সামিটে বিশেষ গুরুত্ব পেয়েছে এআই এজেন্ট প্রযুক্তি। মানুষের নির্দেশনার অপেক্ষা না করে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে এই প্রযুক্তি। সম্মেলনে চীনে প্রতিষ্ঠিত এআই প্রতিষ্ঠান ম্যানুস তাদের নতুন ২.০ ভিডিও প্রযুক্তি প্রদর্শন করেছে। মাত্র ১৩ শব্দের নির্দেশনা ব্যবহার করে ৩০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে দেখায় প্রতিষ্ঠানটি।

ম্যানুসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা তাও ঝাং বলেন, ‘এআই প্রযুক্তি তাদের কর্মী নিয়োগের প্রক্রিয়াতেও পরিবর্তন আনছে। এখন শুধু ভালো মনোভাবসম্পন্ন কর্মী নয়, এআইয়ের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে সক্ষম ব্যক্তিদের খুঁজছি আমরা।’

ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা কসগ্রেভ জানান, ‘এবারের লিসবন আয়োজনটি সবচেয়ে আন্তর্জাতিক পরিসরের। ইউরোপের প্রতিটি দেশ থেকেই প্রতিনিধিরা অংশ নিচ্ছেন সম্মেলনে। আগামী কয়েক দিন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, প্রযুক্তি উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা নিয়ে আলোচনা চলবে এ সম্মেলনে।’