কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে বাজারে আসা নতুন ডিভাইসগুলোতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর, গ্রাফিকস কার্ড ও কম্পিউটারে সরাসরি এআই মডেল পরিচালনার সুবিধা।
নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটার, এআই টপ অ্যাটম এবং গিগাবাইট ঈগল ৯এলজে ল্যাপটপ। এসব ডিভাইস এআইভিত্তিক কাজের পাশাপাশি গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে।
গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর, ১২৮ জিবি ডিডিআর৫ র্যাম এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। এ ছাড়া এতে রয়েছে ২ টেরাবাইটের অরাস জেন৪ এসএসডি, ৩২০ জিবির এআই টপ ১০০ই স্টোরেজ, ১ হাজার ৬০০ ওয়াটের ৮০ প্লাস প্লাটিনাম পাওয়ার সাপ্লাই এবং ৩৬০ মিলিমিটারের অরাস লিকুইড কুলার। কম্পিউটারটির দাম প্রায় ১৪ লাখ টাকা।
অন্যদিকে এআই টপ অ্যাটম কম্পিউটারে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ। এতে রয়েছে ১২৮ জিবি ইউনিফায়েড মেমোরি এবং ১ পেটাফ্লপ এফপি৪ পারফরম্যান্স। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, কম্পিউটারটি সর্বোচ্চ ২০০ বিলিয়ন প্যারামিটারের এআই মডেল পরিচালনা করতে পারে। এর দাম প্রায় ১০ লাখ টাকা।
গিগাবাইটের নতুন ল্যাপটপ ঈগল ৯এলজেতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৭৫৩৫এইচএস প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র্যাম, ৫১২ জিবি পিসিআই জেন৪ এসএসডি এবং ৬ জিবি মেমোরির এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড। ১৬ ইঞ্চির ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ব্যাকলিট কিবোর্ড ও টাইপ-সি পোর্ট। এর দাম ১ লাখ ৪৭ হাজার টাকা।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন ডিভাইসগুলোতে কম্পিউটারেই এআইয়ের কাজ করার সুবিধা থাকায় ক্লাউডনির্ভরতা কমবে। ফলে ব্যক্তিগত কম্পিউটারে এআইভিত্তিক কাজ, গবেষণা ও তথ্য বিশ্লেষণ আরও সহজ হবে।
প্রতিষ্ঠানটির প্রচারমূলক তথ্য অনুযায়ী, এআই টপ সিরিজের ডিভাইসগুলোতে এআই কাজের উপযোগী হার্ডওয়্যারের পাশাপাশি সহজ ব্যবস্থাপনা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা এবং ভবিষ্যতে সক্ষমতা বাড়ানোর সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন ডিভাইসগুলো দেশের বিভিন্ন আইটি শপ ও স্মার্ট টেকনোলজিসের অনুমোদিত শোরুমে পাওয়া যাচ্ছে।


