সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন হয়রানি না হয়: এইচআরএসএস

সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন না হয়। তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি সংগঠন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা।   

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে নানা পর্যায়ে আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায়, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুন্ন হওয়ার আশংকা এবং বিতর্কিত ধারা সংশোধন নিয়ে সভার আয়োজন।

এতে আলোচকরা প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ জানান। অনলাইন কনটেন্ট ব্লক, সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ গণ্য করা, হেয় প্রতিপন্ন ও বুলিংয়ের সংজ্ঞা, গুজব ও অপতথ্যের সাজা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা।  

ব্লাস্টের উপদেষ্টা ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বা কার্যক্রম বাতিল, মত প্রকাশ সম্পর্কিত কয়েকটি অপরাধকে অজামিনযোগ্য করার প্রস্তাব নিয়েও আপত্তি রয়েছে।’

এইচআরএসএস এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূর খান বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদের সঙ্গে সামঞ্জস্য করে সংশোধন করা দরকার।’

প্রস্তাবিত আইনটিও পুরনো ধারার নতুন রূপ বলে মন্তব্য করে সংশোধনীর জন্য ১১ দফা সুপারিশ তুলে ধরে ধরা হয়।