কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালনা করছে। আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ সময় ছিল ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচনের কথা রয়েছে। সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত, ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা এবং ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীদের জন্য খাবার ও যাতায়াত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে সনদও দেওয়া হবে।
১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলার পরিকল্পনা রয়েছে এ কোর্সের। মোট ৫০ দিনের এ প্রশিক্ষণে ৩০০ ঘণ্টার ক্লাস ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। অন্যদিকে প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান জানান, প্রশিক্ষণে বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর কাজের ওপর ব্যবহারিক গুরুত্ব দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব বিভাগভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, রাজশাহী ও রংপুরে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ, বরিশাল ও খুলনায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেটে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ দায়িত্ব পালন করবে।
প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply-এ ভিজিট করার কথা বলা হয়েছে।