দেশের বাজারে নতুন ৪ ল্যাপটপ আনল আসুস

দেশের বাজারে চারটি কো-পাইলট প্লাস পিসি আনল আসুস। নতুন এই ল্যাপটপগুলো হলো- আসুস জেনবুক এস১৪, প্রোআর্ট পি১৬, টাফ এ১৪ এবং টাফ এ১৬ ল্যাপটপ। গেইমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রফেশনালদের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় এক পার্টনারস অনুষ্ঠানে ল্যাপটপগুলো প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।

আসুস বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, ‘আসুস সবসময় প্রযুক্তির শীর্ষে থাকতে উদ্ভাবনের উপর গুরুত্ব দেয়। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইউজার এক্সপেরিয়েন্স পর্যন্ত প্রতিটি ধাপ উন্নত করতে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আসুসের সকল ল্যাপটপ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।’

নতুন এই ল্যাপটপগুলোর মধ্যে আসুস জেনবুক এস১৪ কো-পাইলট প্লাস পিসি পারফরম্যান্সে এবং ডিজাইনে দিক থেকে সেরা। এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল লুনার লেক কোর আল্ট্রা ২৫৬ভি প্রসেসর, ১৬জিবি র‍্যাম এবং ১৪ ইঞ্চি আসুস লুমিনা ওলেড থ্রিকে ডিসপ্লে। ১.২ কেজি ওজনে ল্যাপটপটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ। ল্যাপটপটির দাম ২ লাখ ২৮ হাজার টাকা।

আসুসের প্রোআর্ট পি১৬ ল্যাপটপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সৃজনশীল পেশাজীবীদের জন্য। এই ল্যাপটপটির ডিসপ্লে ফোরকে ওলেড ডিসপ্লে। ল্যাপটপটিতে থাকছে এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ প্রসেসর। আর জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটিতে আছে ৩২জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং আসুস ডায়ালপ্যাডের সুবিধা। কনটেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটরদের জন্য এই পোর্টেবল ল্যাপটপটির ফিচারগুলো সবচেয়ে কার্যকরী। দাম ৩ লাখ ১৮ হাজার টাকা।

আসুস টাফ গেমিং এ১৪ এবং এ১৬, এই দুটি ল্যাপটপ গেমিংয়ের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন। আসুস টাফ গেমিং এ১৪ ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ প্রসেসর। এতে আছে ১২ কোর, ২৪ থ্রেড। আর জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ১.৪৬ কেজি ওজনের ল্যাপটপটির দাম ২ লাখ ৪২ হাজার টাকা।

আসুস টাফ গেমিং এ১৬ ল্যাপটপটির জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৭০। ২.২ কেজি ওজনের মজবুত চ্যাসিসে তৈরি এই ল্যাপটপটি স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স দেবে। দাম ২ লাখ ৭২ হাজার টাকা। আসুস টাফ গেমিংয়ের এই দুটি ল্যাপটপই প্রফেশনাল কাজের দারুণ অপশন হতে পারে। এআই ফিচার, উন্নত কুলিং প্রযুক্তি, এবং মিলিটারি-গ্রেড স্থায়িত্বের কারণে মাল্টিটাস্কিংয়ের সময় ল্যাপটপগুলো ভালো পারফরম্যান্স দেয়।