ঘূর্ণায়মান বা রোটেটিং ডিসপ্লে সমৃদ্ধ নতুন একটি কনসেপ্ট ল্যাপটপ নিয়ে এসেছে চীনা ল্যাপটপ নির্মাতা লেনোভো। প্রযুক্তি জগতের সুপরিচিত তথ্যদাতা ইভান ব্লাস গত শুক্রবার (২৯ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই কনসেপ্ট ল্যাপটপটির ছবিসহ তথ্য শেয়ার করেছেন, বা বলা চলে তথ্য ফাঁস করেছেন।
উল্লেখ্য, ফাঁস হওয়া তথ্য থেকে এও জানা গেছে যে, আগামী সপ্তাহে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ টেক শো-তে এই কনসেপ্ট ল্যাপটপটি প্রদর্শিত হবে। ইভান ব্লাসের দেওয়া তথ্য অনুযায়ী, লেনোভো এমন একটি ল্যাপটপ নিয়ে আসার পরিকল্পনা করছে যার ডিসপ্লে অনুভূমিক (হরাইজন্টাল) থেকে উলম্ব (ভার্টিকাল) অবস্থানে ঘোরানো যাবে।
ঘূর্ণায়মান বা রোটেটিং ডিসপ্লের এই ল্যাপটপটি লেনোভোর অভ্যন্তরে ‘প্রোজেক্ট পিভো’ নামে পরিচিত। উল্লেখ্য, ভবিষ্যৎমুখী উদ্ভাবনী ডিজাইনের জন্য লেনোভো সুপরিচিত। গত বছর বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একটি স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) স্ক্রিনের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছিল তাঁরা।
লেনোভোর আরেকটি কনসেপ্ট পণ্য হচ্ছে থিংকবুক প্লাস জেন ৬ ল্যাপটপ। এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে, এর ডিসপ্লে রোল করে রাখা যায়। আকর্ষণীয় এই ডিভাইসটি চলতি বছরের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে উন্মোচিত হয়। বর্তমানে ল্যাপটপটি বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু ৩ হাজার ৪৯৯ ডলার থেকে।
ব্লাস আরও জানিয়েছেন যে, লেনোভো আগামী সপ্তাহে বার্লিনের আইএফএ প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে তাঁদের দ্বিতীয় জেনারেশনের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস ‘লিজিওন গো ২’ ঘোষণা করতে যাচ্ছে। ব্লাসের শেয়ার করা বিভিন্ন ফিচার ও তথ্যের ভিত্তিতে বলা যায়, লিজিওন গো ২ মোবাইল কনসোলটি স্টিম ডেকের মতো প্রতিদ্বন্দ্বীকে শক্ত চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
আইএফএ’র টেক প্রদর্শনীতে লেনোভো ও মটোরোলার নতুন স্মার্টফোনের পাশাপাশি দেখা যাবে নতুন ট্যাবলেট ও ল্যাপটপও। থাকবে এমন একটি ল্যাপটপ স্ট্যান্ড যেটা ল্যাপটের সেন্সর ব্যবহার করে এর উচ্চতা ও অবস্থান সমন্বয় করে নিতে সক্ষম।
তথ্যসূত্র: ম্যাশেবল