সস্তায় ইভি আনল টয়োটা

চীনের বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিয়ে এসেছে জাপানি নির্মাতা টয়োটা। বাজারে আসার পরই যেন ঝড় তুলেছে তাদের নতুন মডেল ‘বি জেড সেভেন’। গাড়িটির বুকিং শুরু হতেই প্রথম এক ঘণ্টায় ৩,১০০টির বেশি অর্ডার জমা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এমন দ্রুত সাড়া সাধারণত তখনই দেখা যায়, যখন কোনো কোম্পানি ভালো মানের পণ্য খুব প্রতিযোগিতামূলক দামে বাজারে আনে।

বি জেড সেভেন মূলত চীনের জন্য তৈরি একটি বড় আকারের ইলেকট্রিক সেডান। গাড়িটির দৈর্ঘ্য প্রায় ২০২ ইঞ্চি, যা জনপ্রিয় টেসলা মডেল এস এর চেয়েও বড়। অথচ এর দাম শুরু হচ্ছে মাত্র ২১ হাজার ৫০০ ডলার থেকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখের কাছাকাছি। সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দামও ২৯ হাজার ডলারের মধ্যে।

অন্যদিকে একই বাজারে টেসলার তুলনামূলক ছোট মডেল টেসলা মডেল থ্রির দাম শুরু হয় প্রায় ৩৪ হাজার ৫০০ ডলার থেকে। ফলে বি জেড সেভেন প্রায় ১৩ হাজার ডলার কম দামে বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়েছে।

গাড়িটিতে রয়েছে প্রায় ২৭৮ হর্সপাওয়ার ক্ষমতা। যদিও পারফরম্যান্স ‘মাঝারি’ বলা যায়। কিন্তু ব্যাটারি ও রেঞ্জের দিক থেকে এটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৮৮ কিলোওয়াটের ব্যাটারি, একবার চার্জে প্রায় ৪৪০ মাইল চলবে বলে দাবি প্রতিষ্ঠানটির। আর মাত্র ১০ মিনিট চার্জে ১৮৬ মাইল চলার সক্ষমতা নতুন ইভির।

গাড়ির ভেতরেও রয়েছে বিলাসবহুল অনেক সুবিধা। এতে রয়েছে জিরো-গ্র্যাভিটি সিট। যেখানে থাকছে গরম, ঠান্ডা ও ম্যাসাজ সুবিধা। ১৫.৬ ইঞ্চির বড় টাচস্ক্রিন, হুয়াওয়ের হারমনিওএস সফটওয়্যার এবং শাওমির স্মার্ট হোম কানেকশন। এ ছাড়া উন্নত ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেমের জন্য গাড়িটিতে রয়েছে মোট ২৭টি সেন্সর। যার মধ্যে লিডার, রাডার, ক্যামেরা সবই আছে।

বিশেষজ্ঞদের মতে, বি জেড সেভেনের কম দামের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। সেগুলো হলো- পুরো গাড়িটি চীনেই তৈরি, স্থানীয় ব্যাটারি ও যন্ত্রাংশ ব্যবহার, হুয়াওয়ে ও শাওমির মতো প্রযুক্তি কোম্পানির সঙ্গে অংশীদারত্ব। এই সব মিলিয়ে উৎপাদন খরচ অনেক কমে গেছে। আর সবচেয়ে বড় বিষয় দেশীয় প্রতিদ্বন্দ্বী যেমন ‘বিওয়াইডি’র সঙ্গে তীব্র প্রতিযোগিতাও।

টয়োটা এখনো জানায়নি ‘বি জেড সেভেন’ যুক্তরাষ্ট্রে আনা হবে কি না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সেখানে গেলে দাম ৪০ হাজার ডলারের বেশি হয়ে যেতে পারে। কারণ হিসেবে মনে করা হচ্ছে, উচ্চ আমদানি শুল্ক, কঠোর নিয়মকানুন আর বেশি শ্রম খরচ। সব মিলিয়ে বি জেড সেভেন আসলে চীনের বাজার মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যেখানে ক্রেতারা কম দামে বেশি সুবিধা চান।

টয়োটার বি জেড সেভেন দেখিয়ে দিল, সঠিক দামে ভালো মানের ইভি বাজারে আনতে পারলে ক্রেতারা অপেক্ষা করেন না। চীনের প্রতিযোগিতামূলক বাজারে এই গাড়ি এখন বড় একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।