ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো প্রযুক্তি ব্র্যান্ডটি। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করতে রিয়েলমির এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গতি, সৃজনশীলতা এবং ম্যাচ জেতানোর দক্ষতার জন্য পরিচিত রাফিনহা আধুনিক ফুটবলের অন্যতম গতিশীল খেলোয়াড়দের একজন। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। পেশাদার ফুটবলে তার যাত্রা শুরু হয়েছিল আভাই ফুটবল ক্লাব থেকে।
শুধু মাঠের পারফরম্যান্সই নয়। রাফিনহা কমিউনিটির উন্নয়ন এবং তরুণদের জন্য সামাজিক উদ্যোগেও সক্রিয়ভাবে যুক্ত। তরুণদের ক্ষমতায়ন এবং সীমা ছাড়িয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে তার এই ভূমিকা রিয়েলমির ভিশনের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। এই সহযোগিতার মাধ্যমে ব্র্যান্ডটি আবেগপ্রবণ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণ ব্যবহারকারীদের আরও কাছাকাছি যেতে চায়।
এ বিষয়ে রাফিনহা বলেন, ‘ফুটবলের জন্য এমন একটি বিশেষ সময়ে রিয়েলমির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের লক্ষ্য এক, নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করা। যারা ফুটবলকে আবেগ আর সীমাহীন উদ্দীপনা দিয়ে বাঁচে। সামনে ভক্তদের জন্য আরও অনেক অনুপ্রেরণামূলক বিষয় আসছে। এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’
এই অংশীদারিত্বের অংশ হিসেবে রাফিনহা ‘দ্য আর প্রফেসি’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মেক ইট রাফিনহা, মেক ইট রিয়েলমি’ শীর্ষক একটি ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন। ক্যাম্পেইনটির মাধ্যমে দেখানো হবে, কীভাবে প্রতিভা, পরিশ্রম এবং দৃঢ় সংকল্প রোনালদো, রোমারিও ও পেলের মতো কিংবদন্তি ফুটবলারদের পথ অনুসরণ করে নতুন প্রজন্মের জন্য অসাধারণ সাফল্যের দরজা খুলে দিতে পারে।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহযোগিতা তাদের বৈশ্বিক ব্র্যান্ড কৌশলের অংশ। যেখানে তরুণদের অনুপ্রেরণা দেওয়া এবং প্রযুক্তির মাধ্যমে তাদের স্বপ্নপূরণের পথ সহজ করাই মূল লক্ষ্য।