ফোন নয়, দেশের বাজারে এবার হোম অ্যাপ্লায়েন্স এনেছে শাওমি

বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে শাওমি। এ উপলক্ষে ঢাকার বনানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’-এই থিমে দেশের বাজানে নতুন নতুন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আয়োজিত অনুষ্ঠানে শাওমি জানায়, তারা শুধু স্মার্টফোন নয়, এখন পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে।

বিশ্বব্যাপী স্মার্টফোন ও এআইওটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস) প্রযুক্তিতে পরিচিত শাওমি বর্তমানে ১০০ কোটির বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে। স্মার্টফোন বিক্রিতেও প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড।

বাংলাদেশে নতুন যাত্রার অংশ হিসেবে শাওমি এনেছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার (১০.৫ কেজি)। এই মেশিনে ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানো যায়। এর দাম রাখা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

এ ছাড়া টেলিভিশন সেগমেন্টে এসেছে নতুন মিনি এলইডি সিরিজ। এতে রয়েছে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ ব্রাইটনেস এবং দ্রুত রিফ্রেশ রেট। বড় স্ক্রিনের ৯৮ ইঞ্চি টিভির দাম প্রায় ৪ লাখ ৯৯ হাজার টাকা। আর ছোট ভ্যারিয়েন্টগুলো তুলনামূলক কম দামে পাওয়া যাবে।

একই সঙ্গে শাওমি এনেছে নতুন টিভি এ প্রো সিরিজ ২০২৬, যেখানে ৪কে ডিসপ্লে ও স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।

লাইফস্টাইল পণ্যের মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার, এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা ও স্মার্ট ট্যাগ। এসব পণ্য দৈনন্দিন জীবনকে আরও সহজ ও নিরাপদ করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘গ্রাহকদের জন্য সমন্বিত প্রযুক্তি সমাধান নিয়ে আসাই তাদের লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতে আরও নতুন পণ্য বাজারে আনা হবে।’

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে স্মার্ট হোম ও লাইফস্টাইল পণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায় শাওমি।