স্থির ছবি থেকেই কয়েক সেকেন্ডে তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও। এমন নতুন এআই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন ‘অনার ৬০০ ৫জি’ সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার।
৭ মে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই সিরিজের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার ও ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে ছিল প্রযুক্তিপণ্যের প্রদর্শনী, ফ্যাশন শো ও ডিজে পারফরম্যান্স।
নতুন সিরিজটির সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সাধারণ স্থির ছবিকেও সহজে ভিডিওতে রূপ দিতে পারবেন। অনার জানিয়েছে, বিশেষ এআই প্রযুক্তির সহায়তায় ছবির ভেতরের মুহূর্তগুলোকে আরও জীবন্তভাবে তুলে ধরবে এই ফিচার।
অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তি শুধু যন্ত্র নয়, এটি সৃজনশীলতারও অংশ। অনার ৬০০ সিরিজের এআই সুবিধাগুলো ব্যবহারকারীদের স্মৃতি আরও সুন্দরভাবে তুলে ধরতে সহায়তা করবে।’
স্মার্টফোনটির আরেকটি বিশেষ দিক হলো এর অত্যন্ত সরু বেজেল। অনার বলছে, মাত্র ০.৯৮ মিলিমিটার বেজেল ব্যবহার করা হয়েছে, যা স্মার্টফোন শিল্পে অন্যতম সরু ডিজাইন। ফোনের পেছনে রয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক ও ম্যাট মেটাল ফিনিশ। পাশাপাশি সুরক্ষার জন্য রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ভিডিও ধারণে রয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। কম আলোতেও ভালো ছবি তুলতে ব্যবহার করা হয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা’ প্রযুক্তি।
প্রসেসরের দিক থেকে প্রো সংস্করণে রয়েছে ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ চিপসেট। অন্যদিকে সাধারণ সংস্করণে ব্যবহার করা হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’। দীর্ঘ সময় ব্যবহারের জন্য দুই সংস্করণেই রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য যুক্ত করা হয়েছে ৮০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
দেশের বাজারে অনার ৬০০ প্রো ৫জির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম সংস্করণের দাম রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। সাধারণ সংস্করণের ৮ ও ২৫৬ জিবির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ১২ জিবি ও ২৫৬ জিবির দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক, এই তিন রঙে পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে ‘অনার ৬০০ লাইট’ নামের আরেকটি মডেলও উন্মোচন করা হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা। আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করা যাবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ।