ডক্সিং কী, ডক্সিংয়ের শিকার হলে যা করবেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডক্সিং’ শব্দটি প্রায়ই শোনা যায়। কিন্তু ডক্সিং কী এবং ডক্সিংয়ের শিকার হলে কী করণীয়, সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। চলুন ডক্সিং সম্পর্কে জেনে নেওয়া যাক।

ডক্সিং কী
ডক্সিং শব্দটি মূলত ‘ড্রপিং ডকুমেন্টস’ থেকে এসেছে। সংক্ষেপে এর অর্থ হলো, ক্ষতি করার উদ্দেশ্যে সম্মতি ছাড়া কোনো ব্যক্তিকে শনাক্ত করার মতো ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া। 

ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অব জেন্ডার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মতে, ডক্সিং বলতে অনলাইনে বিনা অনুমতিতে কোনো ব্যক্তির ফোন নম্বর, বাড়ির ঠিকানা, শনাক্ত করার নম্বর, ছবির মতো স্পর্শকাতর ও ব্যক্তিগত নথি বা তথ্য প্রকাশ করা বোঝায়। কোনো ব্যক্তির জীবনকে হুমকিতে ফেলতেই সাধারণত ডক্সিং করা হয়। 

অর্থাৎ, ইন্টারনেট ব্যবহার করে কারও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে ডক্সিং বলা হয়ে থাকে। ডক্সিং ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। 

ডক্সিং শব্দটি জনপ্রিয় করেছে হ্যাকাররা। ডক্সার বা হ্যাকাররা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির তথ্য চুরি করে। হ্যাকাররা অনেক সময় তৃতীয় পক্ষ থেকেও তথ্য কিনে নেয়।  

সামাজিক মাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গি
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ডক্সিং নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সিএনএনর এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নিজেদের গোপনীয়তা নীতি লঙ্ঘনের ক্ষেত্রে ডক্সিং পরিভাষা ব্যবহার করে না। বিষয়টিকে তারা ‘ব্যবহারকারী ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য বেহাত’ হওয়া বলে থাকে। 

তবে এক্স ( সাবেক টুইটার) ডক্সিং পরিভাষা ব্যবহার করে। তাদের প্ল্যাটফর্মে কোনো ব্যবহারকারী ডক্সিংয়ের শিকার হলে এক্সে অভিযোগ করা যায়। অভিযোগ পেলে তারা ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করে। 

ডক্সিংয়ের শিকার হলে যা করবেন
আমাদের দেশে বা প্রতিবেশী ভারতে ডক্সিং নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তাই অনেক দেশে ডক্সিং এখন পর্যন্ত বিধিবদ্ধ কোনো অপরাধ নয়। তবে আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন রয়েছে। এ ছাড়া আগে থেকে প্রচলিত কিছু ফৌজদারি আইনের ধারায়ও ডক্সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। তাই কেউ ডক্সিংয়ের শিকার হলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকে।