২০২৪ সালের শেষ প্রান্তে আমরা। বছরটাকে ফিরে দেখার সময় এখনই। নানা বিষয় ও ঘটনা যেমন এ বছর আলোচনায় এসেছে, তেমনি এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বছরের আলোচিত সব বিষয়, ঘটনা, ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে সহজে জানার মাধ্যম হচ্ছে গুগল সার্চ। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটিতে সর্বাধিক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই বলে দেয় এ বছর মানুষের আগ্রহ ছিল কোন বিষয়গুলোতে। ফলে সারা বছরের গুগল ট্রেন্ডের দিকে তাকালেই বছরটির একটি চিত্র এঁকে ফেলা যায়।
২০২৪ সালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গুগল সার্চে সর্বাধিক সার্চ হওয়া বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। ট্রেন্ডিং, এনটারটেইনমেন্ট, স্পোর্টস, লাইফস্টাইল অ্যান্ড গেমিং, হাম টু সার্চ ও গুগল ম্যাপ–এই ৬টি বিভাগের বিভিন্ন উপবিভাগে কোন বিষয়গুলো নিয়ে নেটিজেনরা সবচেয়ে বেশি সার্চ করেছেন, সেগুলো পাঠকদের সামনে তুলে ধরা হলো–
ট্রেন্ডিং
ট্রেন্ডিং বিভাগে এ বছর সর্বোচ্চসংখ্যক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই স্থান পেয়েছে। এর ৪টি উপবিভাগ হচ্ছে–সার্চ, নিউজ, পাসিং ও পিপল।
সার্চ: ২০২৪ সালে গুগলে সর্বাধিক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই স্থান পেয়েছে ‘সার্চেস’ উপবিভাগে। তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘কোপা আমেরিকা’। লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের এই টুর্নামেন্ট নিয়েই সবচেয়ে বেশি সার্চ করেছেন নেটিজেনরা।
নিউজ: এ বছর গুগল নিউজে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘ইউএস ইলেকশন’। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন খুব স্বাভাবিকভাবেই ২০২৪ সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। এর প্রতিফলন দেখা গেছে গুগল সার্চ ইঞ্জিনের নিউজ সেকশনেও।
পাসিং (মৃত্যু): বিদায়ী বছর মারা যাওয়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে জনপ্রিয় ইংলিশ গায়ক লিয়াম পেইনকে নিয়ে। ১৬ অক্টোবর আর্জেন্টিনায় ব্যালকনি থেকে নিচে পড়ে মারা যান জনপ্রিয় পপ ব্যান্ড ওয়ান ডিরেকশন-এর এই সদস্য।
পিপল (জনপ্রিয় ব্যক্তি): ২০২৪ সালে সবচেয়ে বেশি যে ব্যক্তিকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে, সেটা বেশ অনুমিতই। তিনি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট, যিনি আগামী ২০ জানুয়ারি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তাঁর পরের স্থানটিতেই রয়েছেন ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস।
এন্টারটেইনমেন্ট (বিনোদন)
বিনোদন বা এন্টারটেইনমেন্টে বিভাগে অভিনেতা, চলচ্চিত্র, মিউজিশিয়ান, গান ও টিভি শো–এই পাঁচ ক্যাটাগরিতে তথ্য প্রকাশ করেছে গুগল। সর্বাধিক সার্চ হওয়া তিন অভিনেতা হলেন–আমেরিকার ক্যাট উইলিয়ামস, দক্ষিণ ভারতের তারকা অভিনেতা পবন কল্যাণ ও আমেরিকার অ্যাডাম ব্রডি।
কেন্ড্রিক ল্যামারের ‘নট লাইক আস’ গানটি নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ২০২৪ সালে। আর টিভি শো’র ক্ষেত্রে ‘বেবি রেইনডিয়ার’ সবচেয়ে জনপ্রিয় প্রমাণিত হয়েছে গুগল সার্চে।
স্পোর্টস
খেলাধুলার জগতে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়দের (অ্যাথলেট) তালিকায় প্রথম স্থানে আছেন আলজেরিয়ান নারী বক্সার ইমানে খেলিফ। এর পরের ৪টি নাম হচ্ছে মাইক টাইসন, লামিন ইয়ামাল, সিমোন বাইলস ও জেইক পল। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে নিকো উইলিয়ামস, হার্দিক পান্ডিয়া, স্কটি শেফলার, শশাংক সিং ও রদ্রি।
লাইফস্টাইল ও গেমিং
এই বিভাগে দুটি উপবিভাগ রয়েছে: ফুড অ্যান্ড ড্রিংক রেসিপিস ও গেমস। ফুড অ্যান্ড ড্রিংক রেসিপিস‑এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ হওয়া পাঁচটি রেসিপি হচ্ছে–অলিম্পিক চকোলেট মাফিনস, টাংহুলু, টিনি’স ম্যাক অ্যান্ড চিজ, ম্যাংগো পিকল, ও দুবাই চকোলেট বার।
হাম টু সার্চ
এই বিভাগটি বেশ মজার। গুগল সার্চে মাইক্রোফোন ব্যবহার করে কোনো গানের সুর গুণগুণ করে, কিংবা মিউজিক প্লেয়ারে গানটি ছেড়ে, অথবা নিজেই গানের কয়েক লাইন গেয়ে সার্চ করার নির্দেশ দেওয়াকে ‘হাম টু সার্চ’ বলা হয়। এই বিভাগে সবচেয়ে বেশি সার্চ হয়েছে বেনসন বুনের ‘বিউটিফুল থিংস’ গানটি। এর পরের দুটি স্থানে রয়েছে ক্রিপি নাটসের ব্লিং-ব্যাং-ব্যাং-বর্ন ও লেডি গাগা’র ডাই উইথ অ্যা স্মাইল।
গুগল ম্যাপস
এই বিভাগে পার্ক, মিউজিয়াম ও স্টেডিয়াম-এই তিন ক্যাটাগরিতে তথ্য প্রকাশ করেছে গুগল। এতে দেখা গেছে, পার্কের ক্ষেত্রে আমেরিকার নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক, ফিলিলাইনের ম্যানিলায় অবস্থিত রিজাল পার্ক এবং জাপানের ফুকুওকায় অবস্থিত ওহরি পার্ক রয়েছে তালিকার প্রথম তিনে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক
মিউজিয়ামের ক্ষেত্রে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, ব্রাজিলের সাও পাওলো’তে অবস্থিত মিউজিয়াম অব আর্ট অব সাও পাওলো এবং শিকাগোর সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গুগল ম্যাপসে।
তথ্যসূত্র: গুগল ট্রেন্ডস