‘অতি লোভে তাঁতি নষ্ট’ অবস্থা ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের

‘অতি লোভে তাঁতি নষ্ট’ হওয়ার জোগাড় হয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের। তাঁদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইনটারফেস বা এপিআই ব্যবহারের খরচ প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি এমনকি এক্সের এপিআই ব্যবহারকারী থার্ড পার্টি ডেভেলপারদের অর্জিত আয়েও ভাগ বসাতে চাইছে এক্স। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘লেটার সোশ্যাল’ এক্সের জন্য তাঁদের সাপোর্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

অবশ্য গত মাসেই ‘লেটার সোশ্যাল’ এমন কিছুর ইঙ্গিত দিয়েছিল। জুলাই মাসের শেষ দিকে তাঁরা সিদ্ধান্ত নেয়, গ্রাহকদেরকে নতুন করে এক্স অ্যাকাউন্ট যুক্ত করতে দেবে না তাঁরা। তখনই বোঝা যাচ্ছিল, লেটার সোশ্যাল থেকে বাদ পড়তে চলেছে এক্স। সেজন্য গ্রাহকদেরকে প্রস্তুত করে তুলছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি।

উল্লেখ্য, ‘লেটার সোশ্যাল’ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যাপগুলোর একটি। গত বছরের শুরুর দিকের তথ্য অনুযায়ী, ৮০ লাখেরও বেশি মানুষ তাঁদের পরিষেবা ব্যবহার করে থাকে।

‘লেটার সোশ্যাল’ প্ল্যাটফর্মটি ব্যবহার করে গ্রাহকরা তাঁদের ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, টিকটক, লিংকডইন, থ্রেডস, ইউটিউব শর্টস, ও স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট শিডিউল করতে পারে। পাশাপাশি নিজেদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমের অ্যানালিটিক্সও দেখতে পারে তাঁরা। উল্লেখ্য, গোপ্রো, ডালাস মাভেরিক্সের মতো বড় বড় কর্পোরেট গ্রাহক রয়েছে লেটার-এর।

এতদিন অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এক্সেও পোস্ট শিডিউল করে রাখতে পারতেন ‘লেটার সোশ্যাল’ গ্রাহকরা। তবে বৃহস্পতিবার এক্স-কে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর এখন আর তা করা সম্ভব হবে না। বলে রাখা আবশ্যক, লেটার সোশ্যাল কেবলমাত্র এক্সের জন্যই তাঁদের সাপোর্ট বন্ধ করেছে, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার জন্য নয়। 

এক্সের জন্য সাপোর্ট বন্ধ করা প্রসঙ্গে লেটার সোশ্যাল এক বিবৃতিতে বলেছে, ‘হ্যাঁ, আমরা লেটার সোশ্যালে এক্সের জন্য সাপোর্ট বন্ধ করে দিয়েছি। আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের গ্রাহকদের জন্য ঈপ্সিত ফল আনতে মনোনিবেশ করছি, এবং এই মিশনকে সবচেয়ে বেশি সহায়তা করে এমন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করেছি।’ 

অর্থাৎ, লেটার সোশ্যাল অ্যাপে এক্স প্ল্যাটফর্ম ব্যতীত অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেসের সুযোগ থাকছে আগের মতোই। এক্সের এপিআই ব্যবহারের খরচ দিন দিন যত বাড়ছে ততই লেটার সোশ্যালের মতো প্ল্যাটফর্মগুলো এক্সের থেকে দূরে সরে আসছে।

এই যেমন গত জুন মাসেই ওয়ার্কফ্লো অটোমেশনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মেক’ ঘোষণা দেয় যে, এক্সের পরিবর্তিত এপিআই নীতি ও মূল্যের কারণে নিজেদের প্ল্যাটফর্ম থেকে তাঁরা এক্স-কে বাদ দিতে যাচ্ছে। উল্লেখ্য, কর্পোটরেট গ্রাহকদের কাছে কোডবিহীন ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য অত্যন্ত সুপরিচিত একটি প্ল্যাটফর্ম হচ্ছে ‘মেক’। 

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে ইলন মাস্ক এক্স (পূর্বের টুইটার) কিনে নেওয়ার আগে প্ল্যাটফর্মটি তাঁদের এপিআই বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিত। কিন্তু মাস্কের অধিগ্রহণের পর এক্স পর্যায়ক্রমে তাঁদের এপিআই’র দাম বৃদ্ধি করে চলেছে। ফলে থার্ড পার্টি ডেভেলপারদের অনেকেই এক্স ছাড়তে বাধ্য হয়েছেন। 

উল্লেখ্য, এক্সের এপিআই ব্যবহার করতে প্রতি মাসে ৪২ হাজার ডলার থেকে শুরু করে ২ লাখ ১০ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। এখানেই শেষ নয়। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এক্সের এপিআই-তে যুক্ত হওয়া প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১ ডলার করে খরচ হচ্ছে ডেভেলপারদের। 

এবার এক্স তাঁদের সাবসক্রিপশন মডেলে আরও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের এপিআই গ্রাহকদেরকে এক্স ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তাঁদের আয়ের একটি অংশও এবার শেয়ার করতে হবে এক্সের সাথে।

উল্লেখ্য, লেটার সোশ্যাল ও মেক-এর পাশাপাশি আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এক্সের এপিআই ব্যবহার বন্ধ করে দিয়েছে। এঁদের মধ্যে আছে সনি, মাইক্রোসফট ও নিনটেন্ডো।

তথ্যসূত্র: ম্যাশেবল