ইনস্টাগ্রাম রিলসে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে একেবারে নতুন একটি ফিচার। ‘পিকচার-ইন-পিকচার প্লেব্যাক’ নামের এই ফিচারটি প্রাথমিকভাবে স্বল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে ইনস্টাগ্রাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাপ বিশেষজ্ঞ রাদু অনসেসকু’র নজরে আসে ইনস্টাগ্রামের নতুন এই টুলটি, যা নিয়ে গত ২৭ আগস্ট তিনি সচিত্র পোস্ট করেছেন মেটা’র মালিকানাধীন আরেক প্ল্যাটফর্ম থ্রেডসে।
‘পিকচার-ইন-পিকচার প্লেব্যাক’ টুলটির কল্যাণে ইনস্টাগ্রামে এবার থেকে রিলস দেখার সময়েও অন্য কোনো কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। সেটা হতে পারে ইনস্টাগ্রাম অ্যাপেই, আবার হতে পারে অ্যাপের বাইরেও। অর্থাৎ, রিলস উপভোগের সময় মাল্টিটাস্কিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবে আরও আগে থেকেই চালু আছে এই পিকচার-ইন-পিকচার সুবিধাটি। তাঁদের ব্যবহারকারীদের মাঝে ফিচারটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এই প্রেক্ষাপটেই গত মার্চে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি’র কাছে জানতে চাওয়া হয়, ইনস্টাগ্রাম রিলসে পিকচার-ইন-পিকচার অপশনটি নিয়ে আসার কোনো সম্ভাবনা আছে কি-না। উত্তরে মোসেরি জানিয়েছিলেন, তিনি বিষয়টি দেখবেন। তিনি যে বিষয়টি গুরুত্ব সহকারেই দেখেছেন তার প্রমাণ পাওয়া গেল পিকচার-ইন-পিকচার ফাংশনটির পরীক্ষামূলক আগমনে।
এই ফাংশনটি ব্যবহার করে নির্দিষ্ট একটি ভিডিওকে ছোট আকারের একটি ভাসমান (ফ্লোটিং) উইন্ডোতে রুপান্তর করা সম্ভব। ছোট এই উইন্ডোটি ডিভাইসের স্ক্রিনে (বা ডিসপ্লেতে) অন্যান্য অ্যাপ বা কনটেন্টের উপরে ভেসে থাকে। ইউটিউবে চলমান একটি ভিডিওতে উপর থেকে নিচে সোয়াইপ করলেই ভিডিওটি ভাসমান উইন্ডোতে পরিণত হয়। এই ভাসমান উইন্ডোর ওপরে ট্যাপ করে ধরে রেখে একে স্ক্রিনের যেকোনো জায়গায় সেট করা সম্ভব। এই অবস্থায় স্ক্রিনে ভিডিওটি চালু রেখেই ব্যবহারকারী ডিভাইসে অন্য কোনো কাজ করতে পারেন।
ইনস্টাগ্রামে ‘পিকচার-ইন-পিকচার প্লেব্যাক’ ফিচারটিকে সময়ের দাবি বললে বোধ হয় অত্যুক্তি হবে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যবহারকারীদের মনোযোগের স্থায়ীত্ব যখন ক্রমহ্রাসমান হারে কমছে, তখন তাঁদেরকে আকৃষ্ট করতে, বিশেষ করে লম্বা দৈর্ঘ্যের ভিডিও-তে দর্শকের মনোযোগ ধরে রাখতে ফাংশনটি দারুনভাবে সহায়ক হতে পারে।
ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে চালু হওয়া পিকচার-ইন-পিকচার ফাংশনটি মূলত ভিডিও প্লেব্যাকের একটি অপশন, ভিডিও তৈরির (ক্রিয়েশনের) কোনো টুল নয়। উল্লেখ্য, ইনস্টাগ্রামে ভিডিও তৈরিতেও পিকচার-ইন-পিকচার ব্যবহারের সুযোগ আছে আরও আগে থেকেই। রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া দেখানোর ভিডিওগুলোতে পিকচার-ইন-পিকচার টুলটি ব্যাপক হারে ব্যবহৃত হয়, যেখানে স্ক্রিনে একটি ভিডিও’র মধ্যেই একাধিক ভিডিও দেখা যায়। এই যেমন সিনেমার একটি ক্লিপ দেখে এক বা একাধিক দর্শকের রিঅ্যাকশন দেখানোর ক্ষেত্রে ভিডিও নির্মাতারা (ক্রিয়েটররা) পিকচার-ইন-পিকচার ব্যবহার করেন।
আপাতত সামান্য কয়েকজন ব্যবহারকারীর মাঝে চালু হলেও পিকচার-ইন-পিকচার প্লেব্যাক অপশনটি অচিরেই ইনস্টাগ্রামের সকল ব্যবহারকারীর নাগালে চলে আসবে। সেক্ষেত্রে রিলস উপভোগের সময় মাল্টিটাস্কিং করতে পারবেন তাঁরা, যেমনটা ইউটিউব ও টিকটক ব্যবহারকারীরা করতে পারেন।
তথ্যসূত্র: সোশ্যাল মিডিয়া টুডে, থ্রেডস