কাজী সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্কটা পরিষ্কার করলেন নাজমুল হাসান

দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিন ধরে ঠিক বন্ধুত্বসুলভ মনে হচ্ছিল না। একদিকে ফুটবল ফেডারেশন কাজী সালাউদ্দিন। অন্যদিকে ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান। দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে।

কাজী সালাউদ্দিন প্রকাশ্যেই বেশ কয়েকবার বিসিবি প্রধানকে নিয়ে তাঁর বিরক্তির কথা বলেছেন। বলেছেন, তিনি লোক দেখানো কাজ করতে পছন্দ করেন না। এসব কথার জবাব মাঝে মাঝে দিয়েছেনও নাজমুল হাসান।

তবে দুজন ভিন্ন দুই খেলার সঙ্গে জড়িত বলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক কোনো প্রভাব ফেলেনি। কিন্তু নাজমুল হাসান এখন শুধু ক্রিকেটের নন, পুরো ক্রীড়াঙ্গনের। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী। ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁকে এখন কাজ করতে হবে। 

ওদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কিছুদিন আগেই ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি। আজ সকালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের কাছে আলোচনার মূল বিষয় নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান।

সেখানেই দুজনের মধ্যকার অতীত তিক্ততা সম্পর্কে কথা বলেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী, ‘এত বছরের সম্পর্ক একদিনের কথায় তো নষ্ট হয় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো বাংলাদেশে আর নেই। সে জিনিসটা তো আছেই। অনেক সময় অনেক কথায় উনি দুঃখ পেতে পারেন, আমিও পেতে পারি। একটা প্রতিক্রিয়া হয়তো দেখালাম। এটা ওখানেই শেষ কিন্তু সম্পর্ক তো শেষ হয়নি।’