সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটাল বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশকে। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার দুপুর ২টায়। 

দৃশ্যটা অন্যরকম হতে পারত, অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে জয় পেয়েছে তারপরেও হোটেলে বসে সময় কাটাইনি । চলে এসেছে সাগরিকা স্টেডিয়ামে অনুশীলন করতে। যেখানে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে, ছন্নছাড়া ক্রিকেট খেলেও হোটেলে বসে থেকেছে। 

দল জিতুক অথবা হারুক ম্যাচের পরের দিন বাংলাদেশে গেল কয়েক বছর অনুশীলন করে না। সাইফ তামিম হৃদয়দের প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের পরেও মনে হয়নি, ভুলগুলো শোধরানো দরকার। বাঁচা মরার ম্যাচের আগের দিন হোটেলেই বিশ্রাম করেছেন সবাই। এমন রিলাক্স সময় কতটা কাজে দিল হয়তো ম্যাচেই তার প্রমাণ পাওয়া যাবে।

ব্যাটিং উইকেটে ব্যাটারদের দায়িত্বই সবচে বেশি থাকছে। একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা জোরাল। তাসকিন ও রানা দুজনেই ফিরতে পারেন, লিটন ফিট হলে জায়গা ছাড়তে হবে সৌম্যকে।  

বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেন, ‘ব্যাটিংয়ে ভুল হয়েছে এবং দ্রুত তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে। বোলিং ইউনিট ধারাবাহিকভাবে ভালো করলেও ব্যাটারদের উন্নতি জরুরি।’

প্রথম ম্যাচ শেষে অস্ট্রেলিয়া বলেই দিয়েছে যে রকম উইকেট আশা করেছিল তার থেকে ভালো উইকেট পেয়েছে। দ্বিতীয় ম্যাচেও তারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, সিরিজ নিশ্চিত করতে চায় আগেভাগেই।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জোয়েল ভেভিস বলেন, ‘উইকেটে যতটা টান থাকবে ভেবেছিলাম তেমনটা হয়নি। অধিনায়ক মার্শ দারুণ বুদ্ধি দিয়ে বল করান। জ্যাম্পার সাথে বল করা স্বপ্নের মতো। আশা করি পার্টনারশিপ ভালো হবে।’

দিনের আলোতে ম্যাচ, উইকেট কন্ডিশনে পরিবর্তন আসবে না। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও নেই। তাইতো টস জিতে ফিল্ডিং করায় হয়তো বুদ্ধিমানের কাজ হবে।