ভূমিকম্পে সব হারানো শিশুই কি আর্জেন্টিনার নতুন মেসি?

একটি ছোট্ট শিশু, যার জন্ম হয়েছিল ক্যারিবিয়ান দেশ হাইতিতে। ভয়াবহ ভূমিকম্পের পর বদলে গেল তার জীবন। আশ্রয় নিতে হলো এক এতিমখানায়। সেখান থেকে মাত্র কয়েক মাস বয়সেই তাকে পাড়ি দিতে হলো হাজার কিলোমিটার দূরের অন্য এক দেশে। সেই শিশুই আজ আর্জেন্টিনার ফুটবলের নতুন স্বপ্ন।

যে দেশের জার্সি পরার স্বপ্ন দেখেন বিশ্বের কোটি কোটি ফুটবলার, সেই আর্জেন্টিনার জাতীয় দলের দরজায় এখন কড়া নাড়ছেন হাইতিতে জন্ম নেওয়া এক তরুণ। তাঁর নাম স্টিফেন রামোস। তবে সবাই তাঁকে চেনে—‘কিকি’ রামোস নামে। হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনা জাতীয় দলের পথে তাঁর এই যাত্রা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ২০০৯ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া রামোসের জন্মের কয়েক মাস পরই তাঁর জীবনে নেমে আসে বড় পরিবর্তন। ২০১০ সালের হাইতির ভূমিকম্পের পর তাঁর আশ্রয় হয় এক এতিমখানায়। সেখান থেকে মাত্র আট মাস বয়সে আর্জেন্টিনার একটি পরিবার তাঁকে দত্তক নেয়। সেই থেকেই শুরু হয় রামোসের নতুন জীবন। হাইতি ছেড়ে আর্জেন্টিনায় বেড়ে ওঠা রামোস ধীরে ধীরে নিজের করে নেন দেশটির সংস্কৃতি, ভাষা আর ফুটবলকে।

ফুটবলের সঙ্গে রামোসের অন্যরকম পথচলার শুরু ছয় বছর বয়সে। ভেলেস সার্সফিল্ডের সমর্থক এক প্রতিবেশীর নজরে পড়েন রামোস। তাঁর হাত ধরেই যোগ দেন ক্লাবটির একাডেমিতে। সেখানেই শুরু হয় স্বপ্নের পথচলা। খুব দ্রুত নিজের গতি, শারীরিক সক্ষমতা আর একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার দক্ষতা দিয়ে নজর কাড়েন তিনি।

মাত্র ১৪ বছর বয়সেই ভেলেসের কোচরা তাঁর মধ্যে দেখতে পান বিশেষ কিছু। কারও চোখে তিনি হয়ে ওঠেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ছায়া, কারও ভাষায়—ভবিষ্যতের মেসি।

তবে পথটা সব সময় সহজ ছিল না। ২০২৫ সালে একাধিক চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় রামোসকে। একসময় মনে হচ্ছিল, থেমে যেতে পারে তাঁর এগিয়ে চলা। কিন্তু হার মানেননি রামোস। চোট কাটিয়ে ২০২৬ সালে আবার মাঠে ফিরে প্রমাণ করেছেন, কেন তাঁকে নিয়ে এত আলোচনা।

বর্তমানে ভেলেস সার্সফিল্ডের ষষ্ঠ বিভাগের হয়ে দুর্দান্ত খেলছেন এই উইঙ্গার। এএফএ যুব টুর্নামেন্টে ইতিমধ্যেই করেছেন ১২ গোল। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ দিয়েগো প্লাসেন্তের।

এরপর আসে সেই মুহূর্ত—অনলাইন ক্লাসের মাঝে হঠাৎ কোচের অভিনন্দন বার্তা, যা প্রথমে বিশ্বাসই হয়নি রামোসের। বুঝে ওঠার পর ক্লাস থামিয়ে ছুটে গিয়েছিলেন দত্তক নেওয়া বাবা-মাকে জড়িয়ে ধরতে। এখানেই তৈরি হয় ইতিহাস—হাইতিতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো জাতীয় দলে ডাক পান কিকি রামোস।

ভবিষ্যতে মূল জাতীয় দলে জায়গা পেলে তিনি হবেন হাইতিতে জন্ম নেওয়া প্রথম, আর আর্জেন্টিনার হয়ে খেলা চতুর্থ কৃষ্ণাঙ্গ ফুটবলার। আগামী নভেম্বরে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হয়তো দেখা যাবে তাঁকে আর্জেন্টিনার জার্সিতে।

একসময় যে শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত ছিল হাইতির মাটিতে, আজ সেই শিশুই স্বপ্ন দেখছে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরার। কিকি রামোসের গল্প শুধু ফুটবলের নয়। এটা পরিচয়ের গল্প। এটা সুযোগ পাওয়ার গল্প। আর এটা স্বপ্ন পূরণের পথে এক অবিশ্বাস্য যাত্রার গল্প।