সাদা বলে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে, মনে করেন হাসানুজ্জামান ঝড়ু। শুরুতে ব্যাটসম্যানরা দায়িত্ব না নিলে রশিদ-মুজিবদের বিপক্ষে জয় অসম্ভব বলে মনে করেন সাবেক ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে একরাশ হতাশা দিয়ে শুরু এশিয়া কাপ। ৫ উইকেটের এই হার এশিয়া কাপের সমীকরণ কঠিন করে দিয়েছে বাংলাদেশের। সুপার ফোরে উঠতে শুধু আফগানদের হারালেই চলবে না, গ্রুপপর্বের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।
প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তই একা লড়েছেন। তাঁর ৮৯ রানের ইনিংসের পরও বাংলাদেশ ১৬৪ রানে গুটিয়ে গেছে। চোটজর্জর শ্রীলঙ্কার বোলিংয়ের বিপক্ষেই এই অবস্থায়, সেক্ষেত্রে আফগানিস্তানের রশিদ খান-মুজিব উর রহমানদের বিপক্ষে কী হবে?
বাংলাদেশের ব্যাটিং ধসের পেছনে অভিজ্ঞতার অভাব দেখছেন ৪৪টি লিস্ট এ ম্যাচ খেলা হাসানুজ্জামান ঝড়ু। আফগানিস্তান ম্যাচকে তাই বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি, ‘যে দলটা সর্বশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে, সে দলে অভিজ্ঞতার অভাব বোধ করেছি। তাই সেরা একাদশের দেখা পাওয়ার সম্ভাবনা কম। নবী, মুজিব উর রহমান- যারাই খেলুক না কেন, ওদের আগে বোলিংয়ে আনবে। তাই, বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ।’
প্রথম ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ৪২.৪ ওভারে গুটিয়ে গেছে, এর মধ্যেই ১৪৭টি ডট বল। অর্থাৎ ৫৭.৪২ ভাগ বলেই কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। বড় স্কোর করতে হলে, এটা কমিয়ে আনতে হবে বলে মনে করেন হাসানুজ্জামান, ‘রান করতে গেলে ৫০ ওভারের ম্যাচে ডট বল হবেই। তবে পরবর্তীতে সেটা পুষিয়ে দেওয়ার যে সুযোগ, উইকেটে থেকে সেটা ব্যালেন্স করার যে সুযোগ, শান্ত ও হৃদয় সে সুযোগ হাতছাড়া করেছে। ২৫০ থেকে ২৮০ রান করতে হলে মাঝের ওভারগুলোতে ডট বলের সংখ্যা কমাতে হবে। ’