কে বলে বৃষ্টি শেষ? কোহলি-রাহুলের ব্যাটে চার-ছক্কা হয়ে ঠিকই ঝরছে

আগের দিন রোহিত শর্মা ও শুভমান গিল যা করেছিলেন, আজ ঠিক তা-ই করে যাচ্ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। শ্রেয়াস আইয়ারের চোটে সুযোগ পাওয়া রাহুলের ব্যাটিং ভারতের চার নম্বরের ব্যাটসম্যান নিয়ে মাথাব্যথা কিছুটা দূর করবে নিশ্চিত। রাহুল সেভাবেই ব্যাট করছেন, যেভাবে ভারত সব সময় তাঁকে ব্যাট করতে দেখতে চায়। কোহলি দেখেশুনে শুরু করলেও গুছিয়ে নেয়ার পর আগ্রাসন শুরু হয়েছে তাঁর ব্যাটেও।

কোহলি ও রাহুল দুজনই ফিফটি পেয়ে গেছেন। গতকাল রোহিত-গিলের পর আজ কোহলি-রাহুল...ভারতের প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি পেলেন। ওয়ানডেতে এ নিয়ে চতুর্থবার ভারতের প্রথম চার ব্যাটসম্যানের ব্যাটে ফিফটির দেখা মিলেছে।

৬০ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিফটিতে পৌঁছানো রাহুল এই প্রতিবেদন লেখার সময়ে ব্যাট করছেন ৮৯ বলে ৮২ রান নিয়ে। ফিফটির পর তাঁর ইনিংসে চার বেড়েছে আরও ৩টি, ছক্কা আরেকটি। আর কোহলি ফিফটিতে পৌঁছেছেন ৫৫ বলে, ৪ চারে। এই প্রতিবেদন লেখার সময়ে তিনি অপরাজিত ৬৮ বলে ৭৬ রানে। ফিফটির পর তিনি চার মেরেছেন ২টি, ছক্কা ১টি।

ভারতের রান ৪৩ ওভারে ২ উইকেটে ২৮০। গতকাল বৃষ্টি নামার আগে ৮ বলের মধ্যে রোহিত-গিলের বিদায়ের পর জুটি বাঁধা কোহলি-রাহুলের জুটিতে এরই মধ্যে হয়ে গেছে ১৫৭ রান।