বাংলাদেশের সঙ্গে লুকোচুরি খেলছে বৃষ্টি

মাঝে উইল ইয়াং ও হেনরি নিকোলস তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটিতে নিউজিল্যান্ডকে পথে ফিরিয়েছেন, এর আগে-পরে ম্যাচে তো এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদেরই দাপট দেখা গেছে। কিন্তু বাংলাদেশের দাপটের পথে যেন বারেবারে বাধা হয়ে দাঁড়াতে চাইছে বৃষ্টি। নিউজিল্যান্ডের পাশাপাশি বৃষ্টিও খেলছে বাংলাদেশের সঙ্গে। নিউজিল্যান্ড খেলছে ক্রিকেট, বৃষ্টি খেলছে লুকোচুরি। 

নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটে ওই জুটি মোস্তাফিজ ভাঙার পর নাসুম আহমেদের এক ওভারে জোড়া শিকারে আবার যখন ম্যাচে দাপুটে অবস্থানে ফিরেছে বাংলাদেশ, বৃষ্টি চলে এল খেলতে! আক্ষরিক অর্থেই লুকোচুরি খেলছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়, কিন্তু বৃষ্টির তোড় বেশি ছিল না। কিছুক্ষণ পরই বৃষ্টি থামে। মাঠকর্মীরা তুলে নেন কাভার। সন্ধ্যা ৭টায় আবার খেলা শুরু করা যাবে বলে ভাবা হচ্ছিল।

কিন্তু আবার যখন দুই দল মাঠে নামবে নামবে, আবার খেলার ইচ্ছে হলো বৃষ্টির। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কাভারে ঢেকে দেয়া হলো মাঠ। বৃষ্টির খামখেয়ালের এখানেই শেষ নয়, কাভারে মাঠ ঢেকে দেয়ার কিছুক্ষণ পরই আবার বৃষ্টির তোড় কমে গেছে! 

এমনিতেই ম্যাচের পঞ্চম ওভারে এক দফা বৃষ্টি এসে প্রায় দুই ঘণ্টা বন্ধ রেখেছিল খেলা, তাতে ৫০ ওভারের ম্যাচ নেমে এসেছে ৪২ ওভারে। এরপর এই মিনিট বিশেকের বৃষ্টি শেষে সন্ধ্যা ৭টায় খেলা শুরুর কথা যখন ভাবা হচ্ছিল, তখন অবশ্য আম্পায়াররা বাড়তি কোনো ওভার না কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আবার বৃষ্টি এসে বাধার সৃষ্টি করল। এবার সম্ভবত ওভার কাটার সিদ্ধান্তই আসবে! 

বৃষ্টির এই লুকোচুরির আগে বাংলাদেশ দাপুটে অবস্থানেই ছিল। ইনিংসের শুরুতে দুই উইকেট নেয়া মোস্তাফিজ দ্বিতীয় স্পেলে ফিরে এসে তৃতীয় উইকেটে নিকোলস-ইয়াংয়ের জুটি ভেঙেছেন নিকোলসকে ফিরিয়ে। এরপর নাসুম এক ওভারে ফিরিয়েছেন ইয়াং ও রাচিন রবীন্দ্রকে। বৃষ্টি নামার আগে নিউজিল্যান্ডের রান ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬। ক্রিজে দুই ব্যাটসম্যান ছিলেন টম ব্লান্ডেল (৮*) ও কোল ম্যাকঙ্কি (৮*)।