নিজে ছিলেন পেসার। গতির তোপে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিতেন। তিনি যখন পেস বোলিং নিয়ে নিজের মতামত দেন, নড়েচড়ে বসতেই হয়।
বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের কথা। এবার বিশ্বকাপে কোন পাঁচ পেসার আলো ছড়াতে পারেন, এমন একটা তালিকা করেছেন তিনি। তাঁর মতে, এই পাঁচজন ব্যাটসম্যানদের বেশ ভালোই ‘জ্বালাবেন’।
আইসিসি’র বিশেষ বিশ্লেষক হিসেবে বিশ্বকাপ উপলক্ষে এই মতামত দিয়েছেন তিনি। যা প্রকাশ করা হয়েছে আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
তালিকার শুরুতেই আছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে তছনছ করে দেওয়ার স্মৃতি এখনও তরতাজা দেখেই কি না, স্টেইন যশপ্রীত বুমরা নন, বরং বুমরার বোলিং-সঙ্গী সিরাজকে বেছে নিয়েছেন।
দ্বিতীয় স্থানে আছেন স্টেইনের দেশের পেসার কাগিসো রাবাদা। স্টেইন যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ যাদের দিকে তাকিয়ে থাকে, তাদের মধ্যে রাবাদার নামটা ওপরের দিকেই থাকে।
তালিকার তিন নম্বরে স্টেইন রেখেছেন শাহিন শাহ আফ্রিদিকে। সদ্য বিবাহিত এই বাঁহাতি পেসার বহুদিন ধরেই পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র। চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ বল করেছিলেন এই বোল্ট। কিউইদের তুলেছিলেন ফাইনালে। স্টেইনের তালিকার শেষ জায়গাটা বরাদ্দ হয়েছে ইংলিশ পেসার মার্ক উডের জন্য।
আগামী ৫ তারিখ থেকে ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।