কোহলিকে নিয়ে বাংলাদেশের চিন্তা আরও বাড়াচ্ছে ম্যাচের ভেন্যু

গত প্রায় দেড় দশকে ভারতের যেকোনো ম্যাচের আগের সাধারণ ও স্বাভাবিক চিত্র এটা। বিরাট কোহলিকে কীভাবে সামলানো যায়, সেটা নিয়ে প্রতিপক্ষের চিন্তা থাকে অনেক বেশি। কোহলিকে ঠেকানোর নানান অঙ্ক কষে ভারতের বিপক্ষে খেলতে নামে যেকোনো প্রতিপক্ষ। সে হিসেব কখনও মিলে যায়, কখনও না।

বাংলাদেশই বা এর ব্যতিক্রম হবে কেন? বাংলাদেশ-ভারতের প্রত্যেকটা ম্যাচের আগে এই ব্যাটসম্যান সাকিব-মুশফিকদের চিন্তা বাড়িয়ে দেন বহুগুণ। আজও একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে ম্যাচ যেহেতু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, কোহলিকে নিয়ে বাংলাদেশের চিন্তা তাই আরও অনেক বেশিই হওয়ার কথা।

কিন্তু কেন? ওয়ানডেতে এই মাঠে কোহলির রানই যে সবচেয়ে বেশি!

এ পর্যন্ত এ মাঠে ওয়ানডে হয়েছে সাতটি। প্রতি ম্যাচেই স্বাগতিক হিসেবে ভারতের উপস্থিতি ছিল। ভারত জিতেছে চারটি ম্যাচ, হেরেছে তিনটিতে। একটি করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সাত ম্যাচের প্রত্যেকটায় খেলেছেন কোহলি। এবং যেকোনো ব্যাটসম্যানের চেয়ে বেশি রান সংগ্রহ করেছেন।

এই মাঠে সাত ম্যাচ খেলে ৬৪ গড়ে ৪৪৮ রান করেছেন কোহলি। সেঞ্চুরি দুটি, ফিফটি তিনটি। এই দুটি ম্যাচ বাদে এই মাঠে খেলা প্রত্যেকটা ম্যাচেই হয় সেঞ্চুরি, নয় ফিফটি করেছেন ভারতের সাবেক অধিনায়ক – ৯১.৯৯ স্ট্রাইক রেটে। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংসটা, ১২২ রানের।

ভারতের বিশ্বকাপ দলে আছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কোহলির পরে রান তোলার তালিকায় অবস্থান লোকেশ রাহুলের। অবশ্য এই মাঠে চার ম্যাচ খেলা রাহুল কোহলির চেয়ে রানও করেছেন অনেক কম, ৬১.৬৬ গড়ে ১৮৫।

এই মাঠে উইকেট নেওয়ার দিক দিয়ে সবচেয়ে সফল বোলারটি ভারতের বিশ্বকাপ দলে নেই, বাংলাদেশকে একটু স্বস্তি দিতে পারে এই তথ্য। এই মাঠে দশ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার না থাকলেও আট উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা যশপ্রীত বুমরা ঠিকই আছেন।

দেখা যাক, পুনের সঙ্গে কোহলির এই ‘মিতালি’ বাংলাদেশের বিপক্ষে থাকে কি না!