পাকিস্তানের আস্থার মূল্য দিলেন না তিনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮২ রান দিয়ে ১ উইকেট। উসামা মির অবশ্য এর আগ থেকেই সমর্থকদের চোখে কালপ্রিট। ১০ রানে থাকা ডেভিড ওয়ার্নারের যে ক্যাচচ ফেলেছেন, সেটা পারার ক্রিকেটে ফেললেও গালি খেতে হয়।

পাকিস্তান দল তবু উসামার ওপর আস্থা রেখেছে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে শাদাব খানকে ফিরিয়ে আনলেও উসামা জায়গা হারাননি। কিন্তু দলের আস্থার প্রতিদান দিতে পারেননি উসামা।

চেন্নাইয়ের উইকেটে স্পিনারদের দাপট দেখানোর কথা। আফগান স্পিনাররা সেটাই দেখিয়েছেন। এক মুজিব উর রহমান ছাড়া সবাই রান আটকে রেখেছেন। শুধু আফগান পেসারদের বলেই রান নেওয়া গেছে।

আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় হয়েছে উল্টো। পাকিস্তানের দুই লেগ স্পিনার পাত্তাই পাননি। শুধু ইফতিখার আহমেদ একটু ভালো বল করেছেন। কিন্তু বাবর আজম তাঁকে ৫ ওভারের বেশি বল না করিয়ে শাদাব খান ও উসামা মিরকে দিয়ে বল করিয়েছেন।

এমনকি হারিস রউফ রিভার্স সুইং পাচ্ছেন, এটা দেখার পরও বাবর উসামাকে দিয়ে স্লগ ওভারে বল করিয়েছেন। কিন্তু উইকেট পাননি, রানও আটকাতে পারেননি এই লেগ স্পিনার। আফগানিস্তানের মুজিবের মতোই ৮ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য তিনি। তবে মুজিব অন্তত ফিল্ডিংয়ে দলে অবদান রাখতে পেরেছেন। উসামা সেখানে ফিল্ডিংয়েও ব্যর্থ।