স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছেন লিটন

বাংলাদেশ দল এখন দিল্লিতে। শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আগামী ৬ নভেম্বর। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ থাকবে কি না, সেটা হয়তো সেদিনই বোঝা যাবে। এমন ম্যাচের আগে হঠাৎ দিল্লিতে না গিয়ে গতকাল রাতে ঢাকায় উপস্থিত হয়েছেন লিটন দাস।

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে দুই দিনের ছুটিতে এসেছেন লিটন। আগামী ৩ নভেম্বরই দিল্লিতে ফিরে যাবেন তিনি। জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন লিটন। আজ এমনিতেও বাংলাদেশ দলের কোনো অনুশীলন সূচি নেই।

দল টানা ছয় ম্যাচ হেরেছে। এর আগে বিশ্বকাপের মধ্যে দেশে ফিরেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশে ফিরে অনুশীলন করেছেন। কিন্তু এ নিয়ে দলের পক্ষ থেকে দেওয়া বক্তব্য পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছিল। ফলে তিন দিন দেশে থাকার কথা থাকলেও এক দিন আগেই দেশে ফিরেছেন সাকিব।