বাংলাদেশের সেমিফাইনালে ওঠার গান শোনানোয় কোনো ভুল দেখেন না হাথুরুসিংহে

বিশ্বকাপে এখনো এক টুর্নামেন্টে তিনটির বেশি ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেমিফাইনালে যেতে অন্তত ৫টি ম্যাচ জিততে হতো। বিশ্বকাপের আগে বিতর্কে বিতর্কে জর্জরিত বাংলাদেশ দল সে কার্য সম্পাদন করতে পারবে, এমনটা ধরে নেওয়া মানুষের সংখ্যা সম্ভবত খুব বেশি না হলেও একেবারে কমও ছিল না। বাংলাদেশ দল থেকেও সেমিফাইনালে খেলার আশার কথা ঘটা করে জানিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু বিশ্বকাপে গিয়ে হলো কী? ভরাডুবি।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরের ছয় ম্যাচে হারতে হারতে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। পয়েন্ট তালিকার তলানিতে থাকবে কি না, এ নিয়ে এখন জোর প্রতিদ্বন্দ্বীতা চলছে ইংল্যান্ডের সঙ্গে। এমন পরিস্থিতিতে পেছনে তাকিয়ে সেমিফাইনালের আশার গল্পগুলোকে খেলোই শোনাবে। তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানাচ্ছেন, সেমিফাইনালের আশার গান শুনিয়ে তাঁরা ভুল কিছু বলেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল দিল্লিতে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপে চাওয়া-পাওয়ার তো আর কিছু নেই, এখন বাংলাদেশের যা সমীকরণ শুধু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াই নিয়েই।  এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ দলের হয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা চন্ডিকা হাথুরুসিংহেকে প্রশ্ন করা হলো - পেছনে তাকিয়ে সেমিফাইনালের গান শোনানোকে কি ভুল মনে হচ্ছে?

হাথুরুর উত্তরটা সহজ, 'না।  ভুল বলব না, কারণ আমরা সবাই তো ভালোই করতে চেয়েছিলাম।  আমাদের আশা অনেক বেশি কিছুরই ছিল, ভেবেছিলাম আমরা সেটা করেও দেখাতে পারব। কিন্তু পারিনি।  তবে সে জন্য ওই কথাটাকে ভুল বলা যাবে না।'

হাথুরুসিংহে ভুল মানছেন না বিশ্বকাপে গিয়েও ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাকেও। মিরাজকে টপ থেকে লোয়ার - ব্যাটিং অর্ডারের একেক জায়গায় একেক দিন নামিয়ে দেওয়া, বিশ্বকাপের আগে পাঁচ নম্বরে দারুণ খেলতে থাকা তাওহীদ হৃদয়কে বিশ্বকাপে গিয়ে ছয়-সাতে নামানো, টপ অর্ডার একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরও মুশফিক-মাহমুদউল্লাহকে প্রথম সাত ম্যাচে নিচের দিকেই নামানো... অনেকের চোখে বাংলাদেশের এসব ভুলই বাংলাদেশকে ডুবিয়েছে।

তবে হাথুরু তা মানেন না। ব্যাটিং অর্ডারে এত অদলবদল ব্যাটসম্যানদের মনোবল নাড়িয়ে দিয়েছে কি না, এ নিয়ে প্রশ্নে বাংলাদেশ কোচ বললেন, 'এখানে ব্যাটিং অর্ডার তো বড় ব্যাপার নয়, তাই না? আপনি ইনিংসের কোন পর্যায়ে ব্যাট করতে নামছেন, কোন পরিস্থিতিতে সেটাই গুরুত্বপূর্ণ, কত নম্বরে নামলেন তা নয়। আমরা তো কোনো ভালো শুরুই পাইনি। এক ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই আমাদের প্রথম তিন, প্রথম চার ব্যাটসম্যান ভালো শুরু এনে দিতে পারেনি। তাই আমার মনে হয় না, ব্যাটিং অর্ডার আমাদের ফলাফলে কোনো প্রভাব রেখেছে।'