আইপিএলে মুম্বাই-গুজরাট দড়ি টানাটানি শেষে ঠিক হলো পান্ডিয়ার 'ঘর'

দুদিন ধরে একেবারে তুমুল গুঞ্জন! এতটাই যে, গুঞ্জনটাকেই সত্যি বলে মনে হতে লাগল। গুঞ্জনটা কী? ফুটবলের মতো এক দলবদলের ইঙ্গিত দিচ্ছিল আইপিএল - গুজরাট টাইটানসকে দুবার ফাইনালে তোলা, একবার শিরোপা জেতানো অধিনায়ক হার্দিক পান্ডিয়া নাকি আবার তাঁর পুরোনো ডেরা মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন! তবে সাধারণত আইপিএল বা যেকোনো ফ্র্যাঞ্চাইজিতে যেমন নিলাম বা ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় অদলবদল হয়, এখানে তা নয়, সরাসরি গুজরাট থেকে ১৫ কোটি রূপির বিনিময়ে পান্ডিয়াকে মুম্বাই কিনে নেবে বলে শোনা যাচ্ছিল। 

মনে হচ্ছিল, এটা হওয়াই এখন সময়ের ব্যাপার। 

কিন্তু কোন কোন খেলোয়াড় রাখবে আর কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে - সেটি জানানোর দিনে আজ শেষ পর্যন্ত মুম্বাই-গুজরাটের দড়ি টানাটানির গুঞ্জনের শেষে দেখা গেল, পান্ডিয়াকে রেখে দেওয়া খেলোয়াড়ের (রিটেইনড) তালিকায় রেখেছে গুজরাট! রেখেছে তো রেখেছে, ভারতীয় অলরাউন্ডারকে গুজরাট অধিনায়ক করেই রেখেছে। 

২০১৫ সালে মুম্বাইয়ের জার্সিতে শুরু পান্ডিয়ার আইপিএল ক্যারিয়ার। টানা সাত বছর খেলেছেন মুম্বাইয়ে। ২০২২ সালে গুজরাটে যোগ দিয়েছেন, প্রথম মৌসুমেই অধিনায়ক হিসেবে শিরোপা জেতালেন দলকে - আইপিএলে গুজরাটেরও অভিষেক মৌসুম ছিল সেটি। গত মৌসুমেও ফাইনালে উঠেছে পান্ডিয়ার গুজরাট, তবে শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়। 

এরপর হঠাৎ করে এই মৌসুমে কেনই-বা পান্ডিয়ার গুজরাট ছাড়তে চাওয়ার গুঞ্জন শুরু হলো, গুজরাটই-বা কেন ১৫ কোটিতে তাদের অধিনায়ককে বিক্রি করতে রাজি হলো, সে এক প্রশ্ন বটে। পান্ডিয়াকে নিয়ে মুম্বাই-গুজরাট দলবদলের পাশাপাশি এ প্রশ্নও উঠেছে। তার সদুত্তর হয়তো পাওয়া যেত গুঞ্জন সত্যি করে দলবদলটা হয়ে গেলে। কিন্তু গুজরাট সব গুঞ্জনে পানি ঢেলে পান্ডিয়াকে রেখে দিল নিজেদের দলে। 

এদিকে মুম্বাই রোহিত শর্মাকে অধিনায়ক করে রিটেইনড খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। তাদের ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকায় বড় নাম জফরা আর্চার। ক্যারিবিয়ান বংশোদ্ভুত ইংল্যান্ডের পেসার আর্চার অবশ্য এখনো কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পারেননি, যে চোট তাঁকে বিশ্বকাপেও খেলতে দেয়নি।